চট্টগ্রাম বন্দরে স্লিপওয়ে চালু
চট্টগ্রাম বন্দরে এই প্রথম জাহাজ মেরামতের জন্য দুটি স্লিপওয়ে চালু হলো। এর ফলে এখন থেকে বন্দর তাদের নিজস্ব জাহাজগুলো মেরামত করতে পারবে।
গতকাল শনিবার নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান আনুষ্ঠানিকভাবে এক হাজার ২০০ ও ৫০ টনের দুটি স্লিপওয়ে উদ্বোধন করেন।
নগরের আগ্রাবাদে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের মেরিন ওয়ার্কশপ চত্বরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও সাংসদ এম এ লতিফ, নৌপরিবহনসচিব সৈয়দ মনজুরুল ইসলাম, বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ ও ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের চেয়ারম্যান সোহেল হাসান।
অনুষ্ঠানের প্রধান অতিথি শাজাহান খান বলেন, প্রকল্পটি তিন দশক আগেই বাস্তবায়িত হওয়ার কথা ছিল। কিন্তু কারিগরি ব্যর্থতাসহ নানা কারণে ওই সময় হয়নি। ৩৫ বছর ধরে মাটির নিচে থাকা পড়ে থাকা স্লিপওয়ে প্রকল্পকে পুনরুজ্জীবিত করেছে বর্তমান সরকার।
বিশেষ অতিথির বক্তব্যে সাংসদ এম এ লতিফ বলেন, ‘আগামী দিনে বন্দরের দুর্নীতিকে একটা লিমিটের মধ্যে আনতে হবে। এর অনেক বিষয় নিয়েই মানুষ কথা বলে। বন্দরে নিয়োগ-বাণিজ্যসহ অনেক বিষয়েই প্রশ্ন রয়েছে।’
অনুষ্ঠানে বন্দর চেয়ারম্যান নিজামউদ্দিন জানান, স্লিপওয়ে দুটি চালুর মাধ্যমে বছরে বন্দরের প্রায় ১২ কোটি টাকা সাশ্রয় হবে।
অনুষ্ঠানে স্লিপওয়ের পাশাপাশি নয়টি মেরিন ওয়ার্কশপেরও উদ্বোধন করা হয়। বন্দর ও নৌপরিবহন মন্ত্রণালয়ের অর্থায়নে স্লিপওয়ে সংস্কার প্রকল্পের কাজ করেছে জাহাজ মেরামতকারী প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড।