চট্টগ্রাম বন্দরে ১৩ জাহাজকে তিন লাখ টাকা জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর চ্যানেলে নিয়ম না মেনে জাহাজ চালানোর দায়ে ১৩টি দেশি লাইটার জাহাজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার ভোর থেকে দুপুর পর্যন্ত কর্ণফুলী নদীর কয়লা জেটি থেকে মোহনা পর্যন্ত এ অভিযান চালানো হয়। বন্দরের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট মহীউদ্দিন আল ফারুক এ অভিযান পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ধারণক্ষমতার অতিরিক্ত পণ্যবোঝাই করার অপরাধে ছয়টি জাহাজকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছয়টি জাহাজ হচ্ছে এমটি ময়না, এমভি তাজদির তৌসিফ-১, এমভি ব্লু বে, এমভি শোভন-৭, এমভি নির্ঝর-১ ও এমভি তারবো ওয়াগন। জানা গেছে, সমুদ্র অতিক্রমের অনুমতি না থাকা সত্ত্বেও বহির্নোঙর থেকে অতিরিক্ত পণ্যবোঝাই করার অপরাধে এমভি মারিয়া তাসলিম-১, রূপচাঁদ-১ ও জাস-১ নামে তিনটি জাহাজের প্রতিটিকে ৩৫ হাজার টাকা করে জরিমানা করা হয়। বাণিজ্যিক জাহাজ চলাচলের সময় লাইটার জাহাজ চালানোর অপরাধে এমভি সেভেন সিজ, টাইগার অব ইস্ট বেঙ্গল জাহাজ থেকে ১৫ হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়। শুধু সমুদ্র অতিক্রমণের অনুমতি না থাকায় এমভি দ্বীপ শুভ জাহাজকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। সমুদ্র অতিক্রমণের সনদ না থাকা ও মাস্টারের কর্ণফুলীতে নৌযান চালানোর সনদ না থাকায় হাজি আবদুল লতিফ জাহাজকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।