চট্টগ্রাম বন্দরে ২৯ জাহাজে পণ্য খালাস বন্ধ
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও সাগর উত্তাল থাকায় গতকাল রোববার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ২৯টি বড় জাহাজে পণ্য খালাসের কাজ হয়নি। বহির্নোঙর থেকে গত দুই দিনে একটি জাহাজও জেটিতে ভিড়তে পারেনি। এ কারণে বন্দরে পণ্য ওঠানো-নামানো স্থবির হয়ে পড়েছে।বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, আজ (গতকাল রোববার) শুধু জেটিতে দুটি জাহাজে পণ্য ওঠানো-নামানোর কাজ হয়েছে। বহির্নোঙরে কোনো জাহাজে পণ্য খালাসের কাজ হয়নি। সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে অবস্থানরত কনটেইনারবাহী জাহাজও বন্দর জেটিতে ভিড়তে পারছে না বলে তিনি জানান।বন্দর সূত্রে জানা গেছে, বহির্নোঙরে অবস্থানরত জাহাজগুলোতে চিনি, গম, সার, মটর দানা ও সিমেন্ট ক্লিংকার রয়েছে। এসব বড় জাহাজ থেকে ছোট আকারের জাহাজে পণ্য বোঝাই করে কর্ণফুলী নদীর বেসরকারি ঘাট এবং দেশের নানা প্রান্তে পণ্য পরিবহন করা হয়। কিন্তু সাগর উত্তাল থাকায় ছোট আকারের জাহাজ বহির্নোঙরে যেতে পারছে না। বন্দরের বেতার নিয়ন্ত্রণ শাখা জানায়, গতকাল বন্দর জেটি থেকে শুধু একটি জাহাজ ছেড়ে গেছে। জেটিতে এখন শুধু তিনটি জাহাজ রয়েছে। পণ্য খালাসের কার্যক্রম হয় এমন জেটি রয়েছে ১৬টি।