চট্টগ্রাম বন্দরে 'অ্যালার্ট-২' মাত্রার সতর্কতা
চট্টগ্রাম বন্দরের নিজস্ব সতর্কতা ‘অ্যালার্ট-২’ জারি করা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপের প্রভাবে আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত জারি করার পর আজ শনিবার দুপুর থেকে এই সতর্কতা জারি করে বন্দর।
বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম রাতে প্রথম আলোকে জানান, ‘অ্যালার্ট-২’ অনুযায়ী বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে শক্তভাবে বেঁধে রাখা, ক্রেনের নিরাপত্তা বাড়ানো ইত্যাদি কার্যক্রম নেওয়া হয়েছে। তবে বন্দরের অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
বন্দর সূত্র জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আজ সকাল থেকে বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে লাইটার জাহাজে পণ্য স্থানান্তর কাজ বন্ধ রয়েছে। তবে জেটিতে জাহাজ থেকে পণ্য খালাসকাজ চলছে। মূলত দুর্যোগ মোকাবিলায় কখন কী করতে হবে, তা ঠিক করতে বন্দরের নিজস্ব প্রস্তুতির জন্য এই সতর্কতা জারি করে বন্দর কর্তৃপক্ষ। ১৯৯২ সালে বন্দর কর্তৃপক্ষের প্রণীত ঘূর্ণিঝড়-দুর্যোগ প্রস্তুতি এবং ঘূর্ণিঝড় পরবর্তী পুনর্বাসন পরিকল্পনা অনুযায়ী, আবহাওয়া অধিদপ্তরের সংকেত অনুযায়ী চার ধরনের সতর্কতা জারি করে বন্দর।
সূত্র জানায়, আবহাওয়া অধিদপ্তর ৩ নম্বর সংকেত জারি করলে বন্দর প্রথম পর্যায়ের সতর্কতা বা ‘অ্যালার্ট-১’ জারি করে। আবহাওয়া অধিদপ্তর ৪ নম্বর সংকেত জারি করলে বন্দর অ্যালার্ট-২ জারি করে। বিপৎসংকেত ৫,৬ ও ৭ নম্বরের জন্য বন্দরের দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা অ্যালার্ট-৩ জারি করা হয়। মহাবিপদ সংকেত ৮,৯ ও ১০ হলে বন্দরেও সর্বোচ্চ সতর্কতা বা অ্যালার্ট-৪ জারি করা হয়। সর্বোচ্চ সতর্কতা জারি হলে বন্দর জেটিতে অবস্থানরত জাহাজগুলোকে সরিয়ে নেওয়া হয়।
বহির্নোঙরে পণ্য স্থানান্তর কাজে নিয়োজিত বন্দরের তালিকাভুক্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডেলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, বহির্নোঙরে পণ্যবাহী ৬৮টি বড় জাহাজ রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে শনিবার সকাল থেকে এসব জাহাজে পণ্য স্থানান্তর কাজ বন্ধ রয়েছে।