চট্টগ্রাম বন্দরের একাংশে চার ঘণ্টা পণ্য খালাস বন্ধ
চট্টগ্রাম বন্দরের শেড থেকে পণ্য খালাস করতে গিয়ে একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠানের কর্মী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার বন্দরের কয়েকটি ইয়ার্ড থেকে প্রায় চার ঘণ্টা পণ্য খালাসের কার্যক্রম বন্ধ ছিল।বন্দর সূত্রের ভাষ্যমতে, গতকাল দুপুরে পণ্য খালাস করতে আজিম গ্রুপের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠানের কর্মী মোশাররফ হোসেন বন্দরের এমপিবি ইয়ার্ডে যান। এ সময় চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) বেসরকারি অপারেটর সাইফ পাওয়ারটেকের কর্মীরা পণ্য সরবরাহের জন্য বাড়তি টাকা দাবি করলে তিনি প্রতিবাদ করেন। এ অবস্থায় মো. জাকির নামের সাইফ পাওয়ারটেকের একজন শ্রমিক সুপারভাইজার মোশাররফকে মারধর শুরু করেন। এ সময় ওই প্রতিষ্ঠানের অন্য কর্মীরাও তাঁকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে বন্দরের নিরাপত্তাকর্মীরা এসে মোশাররফকে উদ্ধার করেন।এ খবর ছড়িয়ে পড়লে সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মচারী পরিষদের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে সাইফ পাওয়ারটেকের পরিচালনাধীন ইয়ার্ড ও শেড থেকে পণ্য খালাসের কার্যক্রম বন্ধ করে দেন। বিকেলে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিষদের সভাপতি আবুল কাশেমসহ নেতাদের সঙ্গে বৈঠকে বসে জাকিরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর সিঅ্যান্ডএফ এজেন্ট কর্মীরা কাজে যোগ দেন।মোশাররফ হোসেনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘বেশি টাকা কেন নেওয়া হচ্ছে—এটা জানতে চাওয়ার পরই জাকিরের নেতৃত্বে আমার ওপর হামলা চালানো হয়।’সাইফ পাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার রুহুল আমিন বলেন, এ ঘটনায় সমঝোতা হয়েছে। জাকিরকে প্রতিষ্ঠান থেকে বহিষ্কার করা হয়েছে।