চট্টগ্রাম বন্দরের এনসিটি অপারেটর নিয়োগের দরপত্র বাতিলের সুপারিশ
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) অপারেটর নিয়োগের চলমান দরপত্র বাতিল করে নতুন দরপত্র আহ্বানের সুপারিশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। বৈঠক শেষে কমিটির সভাপতি নূর-ই-আলম চৌধুরী সাংবাদিকদের বলেন, এই দরপত্র নিয়ে ব্যাপক বিতর্ক হচ্ছে। বিতর্কের ইতি টানতেই কমিটি বিদ্যমান দরপত্র বাতিলের সুপারিশ করেছে।সম্প্রতি এই দরপত্র-প্রক্রিয়ায় অনিয়ম হওয়ার অভিযোগ তুলে আন্দোলন শুরু করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। অন্যদিকে স্থানীয় সাংসদ এম এ লতিফ এর বিরোধিতা করেন। নূর-ই-আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, মনোরঞ্জন শীল গোপাল, মোস্তফা কামাল পাশা, মজাহারুল হক প্রধান, গোলাম কিবরিয়া টিপু, হাবিবুন নাহার, সামশুল হক চৌধুরী ও নসরুল হামিদ অংশ নেন।