চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় শিগগিরই দরপত্র আহ্বান করা হবে। গতকাল রোববার বন্দরের বিশ্রামাগারে বন্দর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান সাংবাদিকদের এ কথা জানান।বৈঠকে বন্দরের বড় প্রকল্পগুলোর অগ্রগতি নিয়ে পর্যালোচনা করা হয়। বন্দর কর্মকর্তারা মন্ত্রীর কাছে প্রকল্পের অগ্রগতির তথ্য তুলে ধরেন। এ সময় বন্দর চেয়ারম্যান কমোডর এম আনোয়ারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।বন্দরের সবচেয়ে অত্যাধুনিক নিউমুরিং টার্মিনালটির দুটি জেটি ২০০৭ সালে পরীক্ষামূলকভাবে চালু করা হলেও এখনো বেসরকারি অপারেটর নিয়োগ করা যায়নি। বর্তমানে দরপত্র ছাড়াই একটি প্রতিষ্ঠান এই টার্মিনালের দুটি জেটি পরিচালনা করছে। বছরে ১০ লাখ কনটেইনার ওঠানো-নামানোর ক্ষমতা রয়েছে এ টার্মিনালের।বন্দরের বড় প্রকল্পগুলোর অগ্রগতির চিত্র তুলে ধরে নৌপরিবহনমন্ত্রী সাংবাদিকদের বলেন, কর্ণফুলী নদীতে ক্যাপিটাল ড্রেজিংয়ের সর্বনিম্ন দরদাতার সঙ্গে ২৮ এপ্রিল চুক্তি হচ্ছে। এই প্রকল্পে সর্বনিম্ন দরদাতা হয়েছে মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশন। এই প্রতিষ্ঠান ২২৯ কোটি ৫৪ লাখ টাকা দর দিয়েছিল।নৌপরিবহনমন্ত্রী বলেন, আগামী মাসের মধ্যে কনটেইনার ব্যবস্থাপনায় স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হবে। বন্দরের নিরপত্তা জোরদার করতে বন্দর চেয়ারম্যানের কক্ষে ক্লোজ সার্কিট ক্যামেরার মনিটর বসানো হবে। এ ছাড়া ১৫ তলা ভবন নির্মাণ এবং গাড়ি পার্কিংয়ের জন্য বহুতল ভবন নির্মাণ শুরু হবে।