চট্টগ্রাম বন্দরের ঘটনায় এবার শ্রমিকনেতার মামলা, আসামি ৭৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সংরক্ষিত জেটি এলাকায় ঢুকে নেতাদের মারধরের ঘটনায় ৭৪ জনকে আসামি করে গত শনিবার রাতে বন্দর থানায় আরেকটি মামলা হয়েছে। এ নিয়ে বন্দরের ঘটনায় তিন দিনে চারটি মামলা হলো। চার মামলায় ঘুরেফিরে ৪০০ শ্রমিককে আসামি করা হয়েছে। এসব মামলায় ৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার কুসুম দেওয়ান প্রথম আলোকে বলেন, এখনো গ্রেপ্তার অভিযান চলছে। এ পর্যন্ত গ্রেপ্তার হওয়া ৬০ জনের মধ্যে ৮-১০ জন নেতাও আছেন। পুলিশ সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সমর্থিত চট্টগ্রাম ডক বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ বাদী হয়ে শনিবার রাতে সর্বশেষ মামলাটি করেন। এ মামলার ৭৪ আসামির মধ্যে ৩৭ জনকে ইতিমধ্যে অন্য মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আহাদ ছাড়া বাকি তিন মামলার দুটি পুলিশ এবং অন্যটি বন্দর কর্তৃপক্ষ দায়ের করে। গত মঙ্গলবার জোর করে জেটির মূল ফটক খুলে সংরক্ষিত এলাকায় ঢুকে নেতাদের মারধর করার অভিযোগে আহাদ মামলাটি করেন। ওই দিন শ্রমিকদের হামলায় আবদুুল আহাদসহ পাঁচজন গুরুতর আহত হন। আহত অন্য নেতারা হলেন আবদুল জলিল, মো. ইসমাইল, আবদুল হাকিম ও আবদুল মতিন।