চট্টগ্রাম বন্দরের জলসীমায় পূর্ণ তদারকি নেই
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ঘাটে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার প্রায় ১০ বছর পরও বন্দর জলসীমায় কার্যকর পরিপূর্ণ তদারকিব্যবস্থা চালু হয়নি। রাডার ও ভিডিওচিত্রের মাধ্যমে বন্দর জলসীমা তদারকির একটি প্রকল্প নেওয়া হলেও তা যথাসময়ে বাস্তবায়িত হয়নি। পূর্ণ তদারকির ব্যবস্থা না থাকায় বন্দর জলসীমায় সংঘটিত চোরাচালানসহ ছোটখাটো চুরি-ডাকাতি রোধ করা যাচ্ছে না।
কুয়ালালামপুরভিত্তিক ইন্টারন্যাশনাল মেরিটাইম ব্যুরোর (আইএমবি) তথ্য অনুযায়ী, গত ১০ বছরে বন্দর জলসীমায় প্রায় ২০০ নৌযান ব্যবহার করে ১৮৬টি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে।
বিশ্বের বন্দরগুলোতে নিরাপত্তার জন্য ২০০৪ সাল থেকে ‘ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি-আইএসপিএস’ কোড বাস্তবায়ন বাধ্যতামূলক করেছে আন্তর্জাতিক নৌসংস্থা (আইএমও)। ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনার তিন মাসের মাথায় এ বন্দরে আন্তর্জাতিক স্বীকৃত নিরাপত্তাব্যবস্থা আইএসপিএস কোড বাস্তবায়িত হয়েছে বলে স্বীকৃতি দিয়েছে আইএমও। এই ব্যবস্থার আওতায় সে সময় বন্দর জলসীমায় জাহাজের গতিবিধি পর্যবেক্ষণে স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতি (এআইএস) চালু করা হয়। তবে এখন কার্যত এ পদ্ধতিতে তদারকি হচ্ছে না বলে বন্দর কর্মকর্তারা জানিয়েছেন।
বন্দর সূত্রগুলো বলছে, পরিপূর্ণ তদারকির ব্যবস্থা না থাকায় জলসীমায় জাহাজের চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনা যাচ্ছে না। গত বছরের শুরুতে সরকারি গমবাহী এমভি চিন শা হাউ নামের একটি জাহাজ বন্দর জলসীমা থেকে পালিয়ে যায়। গত জানুয়ারিতে বিদেশ থেকে দুটি চোরাই ট্রলার বন্দর জলসীমায় নিয়ে আসে দুটি চক্র। পরে অবশ্য ট্রলার দুটি আটক করে কোস্টগার্ড।
সমুদ্রগামী জাহাজ পরিচালনায় অভিজ্ঞ দুজন ক্যাপ্টেন প্রথম আলোকে জানান, উন্নত সমুদ্রবন্দরগুলোতে শক্তিশালী ক্যামেরা ও রাডারের সমন্বয়ে জলসীমা তদারকির ব্যবস্থা এক দশক আগে চালু হয়েছে। এর মাধ্যমে জাহাজ চলাচল তদারকি, দুর্ঘটনা রোধ, চোরাচালান ও নাশকতা রোধ করা অনেকাংশে সম্ভব।
নদীভিত্তিক সীমানা ছাড়াও কর্ণফুলীর মোহনা থেকে সাত নটিক্যাল মাইল উপবৃত্তাকার এলাকা বন্দরের জলসীমা হিসেবে নির্ধারিত। বেতারবার্তার মাধ্যমে বন্দর ভবনের একটি কক্ষ থেকে জাহাজের কর্মকর্তাদের সঙ্গে কথোপকথনের মাধ্যমে জাহাজের চলাচল তদারক করে বন্দর কর্তৃপক্ষ। জলসীমাসহ তীর থেকে ১২ নটিক্যাল মাইল পর্যন্ত জাহাজ ও স্পিডবোটের সাহায্যে নিরাপত্তা তদারক করে কোস্টগার্ড। পাশাপাশি মোহনা থেকে ১২ নটিক্যাল মাইল বাইরের দেশীয় সমুদ্রসীমায় নিরাপত্তা তদারকিতে আছে নৌবাহিনী।
প্রকল্প বাস্তবায়নে অনিয়ম: বন্দর কর্মকর্তারা জানান, রাডার, ভিডিও ক্যামেরা ও স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতির মাধ্যমে সচিত্র তদারকির জন্য ২০১০ সালে প্রথম দরপত্র আহ্বান করা হয়। কিন্তু মন্ত্রণালয় যথাযথ নিয়ম অনুসরণ করে প্রক্রিয়া শুরুর নির্দেশ দিলে তা আটকে যায়। পরের বছর আবার দরপত্র আহ্বান করে প্রায় ৪৪ কোটি টাকায় সর্বনিম্ন দরদাতা হল্যান্ড ইনস্টিটিউট অব ট্রাফিক টেকনোলজিকে (এইচআইটিটি) কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী গত বছরের ডিসেম্বরে প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা থাকলেও হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, প্রকল্পের কাজ শুরুর পর গত বছর বন্দরের একটি কমিটি সরেজমিন পরিদর্শন করে অনিয়ম খুঁজে পায়। যেমন, পূর্তকাজ তদারকির জন্য কোনো প্রকৌশলী না রাখা, প্রস্তাব অনুযায়ী কাজ না করা, বিদ্যমান অবকাঠামোর ওপরে টাওয়ার স্থাপন ইত্যাদি। বন্দরের বোর্ড সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একটি দল এসব অনিয়ম শনাক্ত করে প্রতিবেদন দেয়।
সংশ্লিষ্ট সূত্র বলছে, এর পরও প্রকল্পে নানা অনিয়ম অব্যাহত থাকে। দেশি যন্ত্রপাতি দিয়ে টাওয়ার বানিয়ে বিদেশি বলে চালানো, মূল সরবরাহকারীর পরিবর্তে সিঙ্গাপুরের একটি কোম্পানি থেকে যন্ত্রপাতি আনা, চুক্তির বাইরে বন্দরের শুল্ক-করের টাকায় অতিরিক্ত শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্র কেনা ইত্যাদি।
এ বিষয়ে প্রকল্পের তখনকার পরিচালক ক্যাপ্টেন ফরিদুল আলম প্রথম আলোকে বলেছিলেন, ‘ঠিকাদারের ভুলে কিছু অসংগতি হয়েছিল। তবে বিষয়টি নিষ্পত্তি হয়েছে।’ অবশ্য পরে প্রকল্প পরিচালককে সাময়িক বরখাস্ত করে বন্দর কর্তৃপক্ষ।
জানতে চাইলে বন্দরের সদস্য (হারবার ও মেরিন) কমোডর এম শাহাজাহান গত মঙ্গলবার প্রথম আলোকে বলেন, ‘অসংগতির বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়েছে। যেমন, টাওয়ারের যন্ত্রপাতি স্থানীয়ভাবে সরবরাহ করা হলেও বিদেশে তৈরি বলে সনদ দিয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
জানা গেছে, বিদেশি ঠিকাদারের পক্ষে স্থানীয়ভাবে যুক্ত করা হয় মেসার্স জাহানারা ট্রেডিংকে। এই প্রতিষ্ঠানকে আলাদা করে প্রকল্পের সঙ্গে সংযুক্ত একটি টাওয়ার ও বন্দর ভবনের নিয়ন্ত্রণ কক্ষ স্থাপনে এক কোটি ৬০ লাখ টাকার কাজ দেওয়া হয়।
জাহানারা টেডিংয়ের প্রতিনিধি মাহফুজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘বিদেশি ঠিকাদারের পক্ষে আমি পরামর্শক হিসেবে কাজ করছি। প্রকল্প বাস্তবায়নে যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে। সব যন্ত্র প্রতিস্থাপনও হয়েছে। এ মাসে কাজ শেষ হবে।’
প্রকল্পের সীমাবদ্ধতা: ভিটিএমআইএস প্রকল্প অনুযায়ী, সদরঘাট, গুপ্তবাঁক, রুবি সিমেন্ট ও পতেঙ্গা—এই চারটি পয়েন্ট থেকে রাডার ও ভিডিও ক্যামেরা এবং স্বয়ংক্রিয় শনাক্তকরণ পদ্ধতির সমন্বয়ে জাহাজ ও জলযানের চলাচল তদারকি ও নিয়ন্ত্রণ করা হবে। বন্দর ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষও থাকবে।
ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী প্রকল্পে ভিডিও ক্যামেরা ধারণ এলাকা রাখা হয়েছে মাত্র পাঁচ কিলোমিটার। এ হিসেবে পতেঙ্গা পয়েন্ট থেকে সমুদ্রের দিকে বন্দর জলসীমার মাত্র ৩৮ শতাংশ ভিডিও ক্যামেরার আওতায় আসবে। তবে ক্যামেরা দিয়ে এক কিলোমিটারের বেশি এলাকার চিত্র আসবে না বলে মনে করেন বন্দর কর্মকর্তারা। অথচ বর্তমানে ১২ নটিক্যাল মাইল এলাকা ভিডিওচিত্রের মাধ্যমে ধারণ করার ক্ষমতাসম্পন্ন ইনফারেড ক্যামেরা থাকলেও চুক্তিতে এটির সংস্থান রাখা হয়নি।
প্রকল্পের বর্তমান পরিচালক বন্দরের উপসংরক্ষক ক্যাপ্টেন নাজমুল আলম বলেন, প্রকল্প চালু হওয়ার পর সম্প্রসারণের সুযোগ রয়েছে।