চট্টগ্রাম বন্দরের জলসীমায় ৩৬ জলদস্যু আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের জলসীমা থেকে গতকাল মঙ্গলবার ভোরে ৩৬ জনকে আটক করেছেন কোস্টগার্ডের সদস্যরা। তাদের বিরুদ্ধে জলদস্যুতার অভিযোগ আনা হয়েছে। আটক ব্যক্তিদের কাছ থেকে জ্বালানি তেল, দা, ছুরি, বর্শাসহ দস্যুতার বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়। কোস্টগার্ড সূত্র জানায়, গত সোমবার রাত সাড়ে আটটা থেকে মঙ্গলবার ভোর সোয়া চারটা পর্যন্ত চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের জলসীমা থেকে ৩৬ জনকে আটক করা হয়। আটক ব্যক্তিদের ব্যবহূত ইঞ্জিনচালিত নৌকা ও একটি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়। কোস্টগার্ড চট্টগ্রাম অঞ্চলের কর্মকর্তা লে. কমান্ডার আতিকুর রহমান জানান, বন্দরের বহির্নোঙরে অবস্থিত বিভিন্ন বিদেশি জাহাজে ডাকাতির প্রস্তুতির সময় এই ৩৬ জনকে আটক করা হয়। জলদস্যুদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।