চট্টগ্রাম বন্দরের তিন কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের ৭০ লাখ ৫০ হাজার টাকা আত্মসাতের দুর্নীতির মামলায় তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ক্রুড (অপরিশোধিত) গ্লিসারিন নিলামে বিক্রির টাকা আত্মসাৎ করেন বলে অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে।

কর্মকর্তারা হলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিবহন পরিদর্শক (এনসিটি ইয়ার্ড) মো. মনোয়ার হোসেন, উচ্চমান সহকারী মো. নুরুল ইসলাম চৌধুরী ও পুলক কান্তি দাশ। গতকাল বুধবার বন্দরের নিলাম শাখা থেকে তাঁদের গ্রেপ্তার করে দুদক।

দুদক চট্টগ্রামের কোর্ট পরিদর্শক এমরান হোসেন প্রথম আলোকে বলেন, তিন কর্মকর্তা ২০১৫ সালের ২২ থেকে ২৯ সেপ্টেম্বরের মধে৵ টাকা আত্মসাৎ করেন। ওই সময় তাঁরা ১৪টি কনটেইনারভর্তি প্রায় ৪০৫ মেট্রিক টন ক্রুড গ্লিসারিনের নিলামের ৭০ লাখ ৫০ হাজার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

কোর্ট পরিদর্শক আরও বলেন, গ্রেপ্তার তিন আসামিকে গতকাল বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম মো. নাজমুল হোসেন চৌধুরীর আদালতে হাজির করা হয়। আদালত তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।