চট্টগ্রাম বন্দরের প্রবেশমুখ দিয়ে টানেল নির্মাণের বিরোধিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টানেল নির্মাণের পরিকল্পনার বিরোধিতা করেছে নৌবাহিনী, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও সিটি করপোরেশন। এ ছাড়া বহুজাতিক প্রতিষ্ঠান কর্ণফুলী সার কারখানা লিমিটেড (কাফকো), সরকারি প্রতিষ্ঠান চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) কর্মকর্তারাও এ পরিকল্পনার বিরোধিতা করে বলেছেন, এখানে টানেল নির্মাণের সিদ্ধান্ত বাস্তবভিত্তিক হবে না। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম সার্কিট হাউসে আয়োজিত এক সভায় তাঁরা এ মতামত দেন। সভায় প্রধান অতিথি ছিলেন সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘যেসব বিষয়ে আপত্তি আসছে, সেগুলো আমরা আগেই বিবেচনা করেছি। এসব সমস্যা সমাধান করেই টানেল নির্মাণ করা হবে। এ টানেল নির্মিত হলে দক্ষিণ চট্টগ্রামে নতুন শহর গড়ে ওঠার পাশাপাশি এশিয়ান হাইওয়ের সঙ্গে এ টানেল যুক্ত হবে।’ চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) সূত্রে জানা যায়, চীনা একটি প্রতিষ্ঠান এক বছর আগেই টানেল নির্মাণের সম্ভাব্যতা যাচাইকাজ শুরু করে। তারা তিনটি স্থান পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছে। এগুলো হচ্ছে: কর্ণফুলী শাহ আমানত সেতু, বারিক বিল্ডিং মোড় এবং পতেঙ্গা নেভাল একাডেমির পার্শ্ববর্তী এলাকা। জরিপকারী প্রতিষ্ঠা চায়না কমিউনিকেশনস কনস্ট্রাকশন কোম্পানি নেভাল একাডেমির পাশের এলাকাতেই টানেল নির্মাণের পক্ষে মত দেয়। এরপর সরকারও এ জায়গায় টানেল নির্মাণের লক্ষ্যে কাজ শুরু করে। ৬ নভেম্বর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের নেভাল একাডেমি এলাকা পরিদর্শন করেন। এরপর গতকাল সার্কিট হাউসে মতবিনিময় সভার আয়োজন করে চউক। চট্টগ্রাম বন্দরের উপব্যবস্থাপক (ভূমি) জিল্লুর রহমান সভায় বলেন, কর্ণফুলী নদীর যে জায়গাকে টানেলের জন্য বাছাই করা হয়েছে, সেটি বন্দরের উৎসমুখ। এখানে নিয়মিতই নাব্যতা কমে যায়। বন্দর চ্যানেল নিরাপদ রেখে টানেল নির্মাণের বিষয়টি বিবেচনা করতে হবে। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির (কেজিডিসিএল) মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মো. ফিরোজ আলম বলেন, টানেলের জন্য বাছাই করা জায়গায় ১৭ মিটার নিচে দিয়ে কেজিডিসিএলের উচ্চ চাপযুক্ত গ্যাসলাইন রয়েছে। এ গ্যাসলাইন দিয়ে কাফকো, সিইউএফএলসহ দক্ষিণ চট্টগ্রামের সবগুলো শিল্পকারখানায় গ্যাস সরবরাহ করা হয়। কাজেই এ লাইন বিদ্যমান রেখে টানেল নির্মাণের ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। নৌবাহিনীর কমান্ডার মিনারুল হক বলেন, টানেল নির্মাণের পর নৌবাহিনীর কার্যক্রম পরিচালনায় কোনো সমস্যা হবে কি না, তা বিবেচনায় আনতে হবে। এ সময় সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ার হোসেন বলেন, নেভাল একাডেমির মূল ফটকের অন্তত ৭০০ মিটার দূরে হবে টানেলের প্রবেশপথ। ফলে নৌবাহিনীর কোনো সমস্যা হওয়ার কথা নয়। চট্টগ্রাম সিটি করপোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম বলেন, টানেল নির্মাণে অনেক বেশি ব্যয় হবে। তার চেয়ে কালুরঘাট কিংবা বর্তমান শাহ আমানত সেতু এলাকায় একটি ঝুলন্ত সেতু নির্মাণ করলে তা হবে অনেক বেশি সময়োপযোগী। খরচও হবে কম। তবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার সিরাজুল হক খান বলেন, টানেল নির্মাণের ক্ষেত্রে আগামী ১০০ বছরের বিষয় মাথায় রেখে পরিকল্পনা করতে হবে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এ টানেল নির্মাণের ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহ দেখিয়েছেন। ফলে টানেল নির্মাণের বিষয়টি এখন আর স্বপ্ন নয়।