চট্টগ্রাম বন্দরের বহরে নতুন তিনটি ক্রেন
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালে যুক্ত হয়েছে কনটেইনার ওঠানো-নামানোর তিনটি ক্রেন। এই টার্মিনালের ১ হাজার ২২৯ কোটি টাকার যন্ত্রপাতি কেনার প্রকল্পের প্রথম চালান এটি। সরাসরি ক্রয় পদ্ধতিতে সংগ্রহ করা এই তিনটি যন্ত্র কেনায় বন্দরের ব্যয় হয়েছে ৪১ কোটি ৮৫ লাখ টাকা।
বন্দর সূত্রে জানা গেছে, চীন থেকে গতকাল রোববার ‘ডিএ ড্যান জিয়া’ জাহাজে করে এই তিনটি ক্রেন আনা হয়। জাহাজটি থেকে বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের ৫ নম্বর জেটিতে ক্রেন নামানো হয়। বন্দর চত্বরে কনটেইনার ওঠানো-নামানো বা স্থানান্তরের জন্য ব্যবহৃত এই ক্রেনের নাম ‘রাবার টায়ারড গ্যান্ট্রি ক্রেন’ বা ‘আরটিজি’।
বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল প্রথম আলোকে জানান, এই তিনটি ছাড়াও এখন ধাপে ধাপে নিউমুরিং টার্মিনালের যন্ত্রপাতি কেনার প্রকল্পের আওতায় নতুন যন্ত্র যোগ হবে।
২০০৭ সালে নিউমুরিং টার্মিনালের পাঁচটি জেটির নির্মাণকাজ শেষ হয়। পরে কোন পদ্ধতিতে এই টার্মিনাল পরিচালনা হবে, তা নিয়ে বারবার সিদ্ধান্তহীনতায় যন্ত্র কেনা যায়নি। এত দিন বন্দরের বহরে থাকা যন্ত্রপাতি দিয়ে এই টার্মিনাল পরিচালনা করা হয়েছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, এই টার্মিনালের যন্ত্রপাতি কেনার এই প্রকল্পের মেয়াদ ছিল ২০১৪ সালের জানুয়ারি থেকে ২০১৬ সালের ডিসেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ে যন্ত্র কেনা সম্ভব না হওয়ায় পরে প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০১৯ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়।
বন্দরের যান্ত্রিক বিভাগের কর্মকর্তারা জানান, আগামী আট–নয় দিনের মধ্যে নতুন আনা যন্ত্রের ব্যবহার শুরু হবে। এতে বন্দরের নিউমুরিং টার্মিনাল চত্বরে কনটেইনার স্থানান্তরে আরও গতি আসবে।