বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির সঙ্গে সাগর উত্তাল থাকায় গতকাল বুধবার সারা দিনে বহির্নোঙরে অবস্থান করা ৩৮টি বড় জাহাজ থেকে পণ্য খালাস করা যায়নি।
এর আগে একই কারণে গত সোম ও মঙ্গলবার বহির্নোঙরে জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রমে ব্যাঘাত ঘটে। বন্দর সূত্র জানায়, এই ৩৮টি জাহাজে ১২ লাখ টনের বেশি পণ্য রয়েছে। এর মধ্যে প্রায় পাঁচ লাখ টন পণ্য খালাস হলেও এখনো সাত লাখ টন পণ্য খালাসের অপেক্ষায় রয়েছে। এসব পণ্যের মধ্যে রয়েছে গম, সয়াবিন, লবণ, সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার ইত্যাদি।
চট্টগ্রাম বন্দর জেটিতে বড় জাহাজ ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। এরপর ক্রেনের সাহায্যে বড় জাহাজ থেকে ছোট আকারের জাহাজে (লাইটার) পণ্য স্থানান্তর করা হয়। বহির্নোঙর থেকে পণ্য খালাসের জন্য আমদানিকারকদের ছোট আকারের জাহাজ বরাদ্দ নিতে হয় বেসরকারি সংস্থা ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে। কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পণ্য খালাস করতে না পারায় আমদানিকারকেরা ওয়াটার ট্রান্সপোর্ট সেল থেকে ভাড়ায় জাহাজ নিচ্ছে না।
ওয়াটার ট্রান্সপোর্ট সেলের নির্বাহী পরিচালক মাহবুব রশীদ গতকাল বুধবার রাতে প্রথম আলোকে বলেন, বৈরী আবহাওয়ার কারণে গত সোমবার কেউ লাইটার জাহাজ ভাড়া নেয়নি। মঙ্গলবার একটি জাহাজ বরাদ্দ নিয়েছেন এক আমদানিকারক। গতকাল মাত্র তিনটি জাহাজ বরাদ্দ দেওয়া হয়েছে।
বন্দর সূত্র জানায়, পণ্য খালাস না হওয়ায় কর্ণফুলী নদীর মোহনায় নোঙর করে রাখা হয়েছে অসংখ্য লাইটার জাহাজ। অাবহাওয়া পরিস্থিতির উন্নতি না হলে এসব জাহাজে পণ্য বোঝাইয়ের কাজ বন্ধ থাকবে। গতকাল চট্টগ্রাম বন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্কতাসংকেত ছিল।
শিপ হ্যান্ডলিং অপারেটর নবাব অ্যান্ড কোম্পানির প্রতিনিধি সাইফুল আলম খান জানান, বহির্নোঙরে জাহাজ থেকে সার খালাসের সময় ঝোড়ো হাওয়া ও প্রবল ঢেউয়ে মঙ্গলবার একটি লাইটার জাহাজের নোঙর ছিঁড়ে যায়। এরপর পণ্য খালাস স্থগিত করে জাহাজটি কর্ণফুলীর মোহনার কাছে ফিরিয়ে আনা হয়।