চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি জাহাজের সংঘর্ষে টিএসপি সারবাহী একটি বড় জাহাজের একাংশে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করেছে। আজ শনিবার সকাল সাতটায় এ দুর্ঘটনা ঘটে। বেলিজের পতাকাবাহী দুর্ঘটনাকবলিত জাহাজটির নাম এমভি মাই মেরি। জাহাজটিতে ৩৭ হাজার ৬৬১ টন টিএসপি সার রয়েছে। জাহাজটি আজ সকালে বন্দর জলসীমায় আসার পর এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনাকবলিত জাহাজটির স্থানীয় প্রতিনিধি এইসসি মেরিন শিপিং এজেন্টের পরিচালক নূরন্নবী ইমরান প্রথম আলোকে বলেন, জাহাজটি নোঙর করার পর ইউরিয়া সারবাহী এমভি ওরহান নামের একটি জাহাজ এসে মাই মেরিকে ধাক্কা দেয়। একপর্যায়ে ওরহানের ধাক্কায় মাই মেরি জাহাজের ৫ নম্বর হ্যাচ (পণ্য রাখার জায়গা) ফুটো হয়ে যায়। দুপুরের মধ্যে ওই হ্যাচে পানি ঢুকে চার হাজার টন টিএসপি সার নষ্ট হয়ে যায়। টিএসপি সার আমদানিকারক নওয়াপাড়া ট্রেডার্স নামের একটি বেসরকারি প্রতিষ্ঠান।

বন্দরের পর্ষদ সদস্য (প্রশাসন ও পরিকল্পনা) মো. জাফর আলম বলেন, জাহাজটি ডোবেনি। তবে একটি হ্যাচে পানি ঢুকেছে। দুর্ঘটনার কারণে বন্দর জলসীমায় জাহাজ চলাচলে কোনো সমস্যা হচ্ছে না।