চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস ব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণের কারণে গতকাল সোমবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বড় জাহাজ থেকে পণ্য খালাস ব্যাহত হয়েছে। তবে বন্দর জেটিতে কনটেইনারবাহী জাহাজ থেকে কনটেইনার খালাস হয়েছে।

বন্দর কর্মকর্তারা জানান, সাধারণ পণ্যবাহী জাহাজের হ্যাচ (খোল) খুলে যন্ত্রের মাধ্যমে বহির্নোঙরে পণ্য খালাস করা হয়। বৃষ্টির সময় পানি ভিজে পণ্য নষ্ট হওয়ার আশঙ্কায় পণ্য খালাস বন্ধ রাখা হয়। তবে পাথর ও পুরোনো লোহা খালাসে সমস্যা হয় না। গতকালও এই দুটো পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস হয়।

বন্দরের তথ্যে দেখা যায়, গতকাল বন্দরের বহির্নোঙরে সাধারণ পণ্যবাহী জাহাজ ছিল ৬৭টি। এসব জাহাজে সিমেন্ট শিল্পের কাঁচামাল ক্লিংকার, চুনাপাথর, গম, চিনি, পাথর, সার ইত্যাদি পণ্য রয়েছে।

বহির্নোঙরে বড় জাহাজ থেকে ছোট জাহাজে পণ্য খালাসে নিয়োজিত বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশনের সহসভাপতি এ কে এম শামসুজ্জামান প্রথম আলোকে বলেন, ভারী বর্ষণের কারণে বেশির ভাগ জাহাজে পণ্য খালাসের কাজ বন্ধ ছিল।

বন্দর কর্মকর্তারা জানান, চট্টগ্রাম বন্দর জেটিতে ১৯০ মিটারের বেশি লম্বা জাহাজ ভিড়তে পারে না। এসব জাহাজ বহির্নোঙরে অবস্থান করে। এরপর ক্রেনের সাহায্যে বড় জাহাজ থেকে ছোট আকারের জাহাজে (লাইটার) পণ্য স্থানান্তর করা হয়। পরে ছোট জাহাজগুলোর মাধ্যমে অভ্যন্তরীণ নদীপথে দেশের নানাস্থানে তা পরিবহন করা হয়।