চট্টগ্রাম বন্দরের বিধি লঙ্ঘন করে কর্মচারীদের পদোন্নতি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের তৃতীয় শ্রেণীর ৪০৩ জন কর্মচারীর পদোন্নতির ক্ষেত্রে প্রবিধান লঙ্ঘনের অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে মাধ্যমিক উত্তীর্ণদের নিম্নতম তিন বছরের চাকরির অতীত ইতিহাস (দক্ষতা, যোগ্যতা ইত্যাদি) বিবেচনায় দাপ্তরিক কোটায় নিম্নবহি সহকারী (জেআরওএ) পদে পদোন্নতির বিধান রয়েছে। কিন্তু বন্দর কর্তৃপক্ষ অতীত ইতিহাসকে গুরুত্ব না দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে তাঁদের পদোন্নতির সিদ্ধান্ত নিয়েছে।বন্দর সূত্র জানায়, আজ মঙ্গলবার পদোন্নতির মৌখিক পরীক্ষার দিন ধার্য ছিল। কিন্তু গতকাল সোমবার মন্ত্রণালয় থেকে ফ্যাক্সবার্তা পাঠিয়ে পরীক্ষার সময় পুনর্নির্ধারণ করতে বলা হয়। এ নিয়ে মৌখিক পরীক্ষার সময়সূচি দ্বিতীয় দফা পেছানো হলো। এর আগে ২০০৮ সালের ১৯ আগস্ট অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ১০৭ জনকে উত্তীর্ণ ঘোষণা করা হয়। পদোন্নতির জন্য ৭৫ নম্বরের লিখিত পরীক্ষা এবং ২৫ নম্বরের মৌখিক পরীক্ষা নেওয়া হচ্ছে।অভিযোগ পাওয়া গেছে, বন্দরের আওয়ামী লীগ দলীয় সিবিএর কিছু নেতা নিজেদের পছন্দের প্রার্থীকে পদোন্নতি দেওয়ার উদ্দেশ্যে এভাবে প্রবিধানমালা লঙ্ঘন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করেছেন। এ পরীক্ষায় উত্তীর্ণ করাতে অর্থের লেনদেন হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।অভিযোগ পাওয়া গেছে, পদোন্নতির জন্য জনপ্রতি ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত নেওয়া হচ্ছে। আওয়ামী লীগ-সমর্থিত বন্দর সিবিএ সভাপতি মো. মমতাজ উদ্দীন প্রথম আলোকে বলেন, ‘স্বীকার করছি, সাধারণত পদোন্নতিতে টাকা লেনদেন হয়, কিন্তু তৃতীয় শ্রেণীর কর্মচারীদের কাছে তো এত বেশি টাকা নেই যে, তাঁরা টাকা দিয়ে পদোন্নতি নেবেন।’ বন্দর সূত্র জানায়, প্রবিধানমালা লঙ্ঘন করে লিখিত পরীক্ষা নেওয়ার বিষয়টি জানার পর নিয়োগসংক্রান্ত কমিটির দুই কর্মকর্তা নৌপরিবহন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব শরীফ মো. মাসুদ ও অর্থ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব সৈয়দ আহসানুল হক গত বছরের ৬ ও ৭ এপ্রিলের মৌখিক পরীক্ষা বাতিল করে বন্দর থেকে ফেরত যান। সূত্র জানায়, পরে সিবিএর চাপে বন্দর কর্তৃপক্ষ পরপর দুই দফায় চিঠি লিখে মন্ত্রণালয় থেকে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে অনুরোধ জানায়। তবে চিঠির জবাবে মন্ত্রণালয় থেকে দুবার স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, এ ধরনের বিভাগীয় পদোন্নতির ক্ষেত্রে লিখিত ও মৌখিক পরীক্ষার প্রয়োজন নেই। গত ৫ এপ্রিল মন্ত্রণালয় থেকে দেওয়া দ্বিতীয় চিঠিতে চট্টগ্রাম বন্দরের প্রবিধানমালা ১৯৯২ অনুযায়ী পদোন্নতির মাধ্যমে শূন্যপদ পূরণের অনুরোধ জানানো হয়। এ চিঠিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব নাছির আরিফ খান।সিবিএ নেতাদের চাপের মুখে তৃতীয় দফা বন্দর থেকে মন্ত্রণালয়ে আরেকটি চিঠি দেওয়া হয়। এ চিঠির জবাবে মন্ত্রণালয় থেকে গত ২৬ জুলাই পাঠানো এক চিঠিতে বলা হয়, ‘সরকার নির্ধারিত বিভিন্ন কোটা বাস্তবায়ন ও প্রযোজ্য যাবতীয় বিধিবিধান পালন সাপেক্ষে চট্টগ্রাম বন্দরের নিম্নবহি সহকারী পদে পদোন্নতির ক্ষেত্রে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রস্তাবিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১০৭ জন প্রার্থীর মধ্যে মৌখিক পরীক্ষায় সফল প্রার্থীদের পদোন্নতিতে সম্মতি দেওয়া গেল। মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব বায়তুল আমীন ভূঁইয়া চিঠিটিতে সই করেন। এ চিঠি পেয়ে বন্দর কর্তৃপক্ষ লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষার দিন আজ ঠিক করে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রবিধানমালা ১৯৯১-এ উল্লেখ আছে, বিভাগীয় কোটায় প্রার্থীদের চতুর্থ শ্রেণী থেকে তৃতীয় শ্রেণীর জেআরওএ পদে পদোন্নতির ক্ষেত্রে চাকরির অতীত ইতিহাস বিবেচনাই যথেষ্ট। তবে তাঁদের শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম মাধ্যমিক পাস এবং নিম্নতম পদে তাঁদের অন্তত তিন বছর চাকরি করতে হবে। এ যোগ্যতাসম্পন্ন বন্দরের চতুর্থ শ্রেণীতে ৪০৩ জন কর্মচারী আছেন বলে জানা গেছে। আপাতত ৩৩টি শূন্যপদের বিপরীতে তাঁদের পদোন্নতির সুযোগ আছে। বন্দর কর্তৃপক্ষের সদস্য (প্রশাসন) মো. নজরুল ইসলাম বলেন, ‘প্রবিধানমালার কোথাও বলা হয়নি, পরীক্ষা নেওয়া যাবে না। যে পদে পদোন্নতি দেওয়া হচ্ছে, সেটার জন্য কিছুটা পড়ালেখা দরকার। এ কারণে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি দেওয়া হচ্ছে।’