চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়ানোর তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা দ্রুত বাড়াতে নতুন জেটি ও ইয়ার্ড নির্মাণের তাগিদ দিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। এ ছাড়া বন্দরের অবকাঠামোগত সুবিধা আরও বাড়ানোর জন্য দ্রুত যন্ত্রপাতি কেনার পরামর্শ দিয়েছেন তাঁরা। গতকাল বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে স্থায়ী কমিটির বৈঠকে চট্টগ্রাম বন্দর পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তাঁরা।

১৮ জুলাই প্রথম আলোয় প্রকাশিত ‘তীব্র জাহাজজটে বেহাল বন্দর’ শীর্ষক প্রতিবেদনের বিষয় নিয়ে গতকালের বৈঠকে আলোচনা হয়।

বৈঠকে অংশ নেওয়া স্থায়ী কমিটির সদস্যরা বলেছেন, চট্টগ্রাম বন্দরে নতুন জেটি নির্মাণ বা সম্প্রসারণকাজে কোনোভাবেই বিলম্ব করা যাবে না। যন্ত্রপাতি কেনাসহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য প্রয়োজনে প্রধানমন্ত্রীর কাছে যেতে হবে। বন্দর নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নেতিবাচক ভাবমূর্তি তৈরি করা হচ্ছে বলেও কমিটির কয়েকজন সদস্য মন্তব্য করেন।

বৈঠকে উপস্থিত থাকা একটি সূত্র প্রথম আলোকে জানায়, কয়েকজন সাংসদ চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবালের কাছে বিভিন্ন বিষয়ে জানতে চান। তিনি কমিটিকে জানান, বন্দরের উন্নয়ন ও সক্ষমতা বাড়াতে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে কিছু জটিলতা রয়েছে। বৃষ্টির কারণেও কিছু সমস্যা হচ্ছে। বন্দরের সমস্যা নিয়ে পত্রিকায় বাড়িয়ে লেখা হয়েছে বলে দাবি করেন তিনি।

 গতকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম বীর উত্তম। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, সাংসদ তালুকদার আবদুল খালেক, মো. আবদুল হাই, মো. নূরুল ইসলাম, এম এ লতিফ, মো. আনোয়ারুল আজীম ও মমতাজ বেগম।

 কমিটির একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, ‘বন্দর কর্তৃপক্ষ তাদের যুক্তিতর্ক তুলে ধরেছে। আমরা তো আর কারও সঙ্গে ঝগড়া করতে পারি না। তা ছাড়া মন্ত্রী (নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান) কারও কথা শুনতে চান না।’