চট্টগ্রাম বন্দরের সাত সংগঠনকে কার্যক্রম বন্ধের নোটিশ
চট্টগ্রাম বন্দরের ডক শ্রমিকদের সাতটি সংগঠনের কার্যক্রম বন্ধের নোটিশ দিয়েছে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালকের দপ্তর। নোটিশে প্রচলিত শ্রম আইনে এসব সংগঠনের কার্যক্রম বেআইনি বলে উল্লেখ করা হয়। চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালক মো. আসাদুজ্জামানের সই করা নোটিশ গত ২২ ফেব্রুয়ারি সংগঠনের নেতাদের কাছে পৌঁছানো হয়, তবে সংগঠনগুলো এ নোটিশকে আমলে না নিয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।নোটিশে উল্লেখ করা হয়, ওই সাতটি সংগঠনের নামে কোনো কার্যক্রম চালানো হলে তা শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে। আইন অনুযায়ী এসব সংগঠন বিলুপ্ত হয়ে গেছে বলেও নোটিশে জানানো হয়।যেসব সংগঠনের নামে চিঠি দেওয়া হয়েছে, সেগুলো হচ্ছে চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দল, বন্দর ডক শ্রমিক ইউনিয়ন, ডক জাতীয় শ্রমিক লীগ, ডক ইসলামী শ্রমিক সংঘ, জাতীয় ডক শ্রমিক লীগ, ডক শ্রমিক পরিচালনা বোর্ড কর্মচারী ইউনিয়ন ও ডক শ্রমিক পরিচালনা বোর্ড জাতীয়তাবাদী কর্মচারী দল।জানা গেছে, নোটিশ পাওয়ার পরও শ্রমিক সংগঠনগুলো তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চিঠি পাওয়ার কথা স্বীকার করে চট্টগ্রাম ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক তসলিম হোসেন প্রথম আলোকে বলেন, শ্রম আইন অনুযায়ী ডক শ্রমিকদের একটি সংগঠন এখনো গঠন করা হয়নি। ছয় মাসের মধ্যে এটা করার বাধ্যবাধকতা আছে।গত ১২ নভেম্বর প্রকাশিত বাংলাদেশ শ্রম আইন ২০০৯-এর ২৬৩ (ক) ধারার উদ্ধৃতি দিয়ে চট্টগ্রামের যুগ্ম শ্রম পরিচালক আসাদুজ্জামান বলেন, ‘যেখানে ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত, সেখানে এ বোর্ড নিয়ন্ত্রিত ডক শ্রমিকদের নিবন্ধনও বাতিল বলে গণ্য হবে। আর শ্রমিক নিবন্ধন না থাকলে তাদের সংগঠন থাকে কীভাবে? নোটিশে আমরা সেটাই স্মরণ করিয়ে দিয়েছি।’নতুন শ্রম আইনের বিধানবলে ইতিমধ্যে চট্টগ্রাম বন্দর কর্মচারীদের পাঁচটি সংগঠন বিলুপ্ত করে একটি সংগঠনকে নিবন্ধন দেওয়া হয়েছে। ডক শ্রমিকদের সংগঠনের সংখ্যা সাতটি থেকে কমিয়ে ১২ এপ্রিলের মধ্যে একটিতে কমিয়ে আনা না গেলে সব সংগঠনই বিলুপ্ত বলে গণ্য হবে।চট্টগ্রাম বন্দর ডক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবদুল আহাদ বলেন, ডক শ্রমিক ব্যবস্থাপনা বোর্ড বিলুপ্ত হওয়া নিয়ে আদালতে দুটি মামলা বিচারাধীন আছে। বিচারাধীন বিষয়ে যুগ্ম শ্রম পরিচালক ডকশ্রমিকদের সংগঠন বিলুপ্ত হওয়ার নোটিশ দিতে পারেন না।জানা গেছে, বন্দর ডক শ্রমিক ইউনিয়নসহ ২২টি সংগঠনের সমন্বয়ে ডক বন্দর শ্রমিক কর্মচারী ফেডারেশনের ব্যানারে নগরের নিমতলা মোড়ে স্থায়ী মঞ্চ বানানো হয়েছে। ট্রানজিট বাস্তবায়ন এবং ডক শ্রমিকদের চাকরিতে পুনর্বহালের দাবিতে সেখানে মাসব্যাপী সভা-সমাবেশ চলছে।