চট্টগ্রাম বন্দরের সাবেক কর্মকর্তা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় চট্টগ্রাম বন্দরের সাবেক প্রধান হাইড্রোগ্রাফার হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। একই আদেশে তাঁর স্ত্রী রুখসানা খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম এ বি এম নিজামুল হক গতকাল রোববার এই আদেশ দেন। মামলায় আত্মসমর্পণ না করে জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন হাবিবুর রহমান। একই মামলায় গতকাল তাঁর স্ত্রী আদালতে অনুপস্থিত ছিলেন।দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) মাহমুদুল হক প্রথম আলোকে বলেন, ‘হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী রুখসানা খান হাইকোর্টের অন্তর্বর্তীকালীন জামিনে ছিলেন। গত ৫ জুলাই তাঁদের জামিনের মেয়াদ শেষ হয়। এর মধ্যে তাঁরা আদালতে আত্মসমর্পণ করেননি। উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের মেয়াদ শেষ হলে আবার মেয়াদ বাড়ানোর আবেদন করেন তাঁরা। আদালত মেয়াদ না বাড়িয়ে হাবিবুর রহমানকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আর তাঁর স্ত্রীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’আদালত সূত্র জানায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে দুদকের চিঠি পেয়ে হাবিবুর রহমান ও তাঁর স্ত্রী এক কোটি ৮৭ লাখ ২৬ হাজার ৩৮৯ টাকার সম্পদের হিসাব জমা দেন। ওই সময় হাবিবুর রহমান চট্টগ্রাম বন্দরের প্রধান হাইড্রোগ্রাফার ছিলেন। পরে দুদক অনুসন্ধান চালিয়ে তাঁদের দেওয়া হিসাবের মধ্যে এক কোটি পাঁচ লাখ ২৫ হাজার ৮৩ টাকার সম্পদের কোনো উৎস খুঁজে পায়নি।আদালত সূত্র জানায়, জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ২৯ জানুয়ারি নগরের ডবলমুরিং থানায় তাঁদের বিরুদ্ধে মামলা হয়। মামলাটি সম্প্রতি পুনরুজ্জীবিত হলে হাবিবুর রহমান গত ৬ মার্চ হাইকোর্ট থেকে চার মাসের অন্তর্বর্তীকালীন জামিন পান।