চট্টগ্রাম বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলমকে সাময়িক বরখাস্ত করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর সূত্র জানায়, শর্তপূরণ না করার পরও একটি বিকল জাহাজ বন্দরে জেটিতে ভেড়ানোর ব্যবস্থা নেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
বন্দরসচিব সৈয়দ ফরহাদ উদ্দিন আহমেদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, গত মঙ্গলবার বিকেলে এ আদেশ দেওয়া হয়। তিনি জানান, হারবার মাস্টার পদের দায়িত্ব ডক মাস্টার ক্যাপ্টেন জহিরুল ইসলামকে দেওয়া হয়েছে।
বন্দর সূত্র জানায়, বিষয়টি খতিয়ে দেখতে বন্দরের বোর্ড সদস্য নজরুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে।
বন্দর সূত্র জানায়, ‘এমভি গ্লাডিস’ নামে কনটেইনারবাহী জাহাজটি বিকল অবস্থায় বন্দরের বহির্নোঙরে আনা হয় গত ১৪ সেপ্টেম্বর। জাহাজটি বিকল থাকায় শক্তিশালী টাগবোটসহ নানা নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার পরই জেটিতে ভেড়ানোর নির্দেশ দেন বন্দর চেয়ারম্যানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে ঊর্ধ্বতন কর্মকর্তারা বিদেশে সফর যাওয়ার পর ২৫ সেপ্টেম্বর পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না নিয়েই জাহাজটি জেটিতে ভেড়ানোর ব্যবস্থা করেন হারবার মাস্টার ক্যাপ্টেন ফরিদুল আলম। বন্দরের জ্যেষ্ঠ পাইলটরা এতে আপত্তি করেছিলেন। ওই দিন জাহাজটি জেটিতে আনার পথে বন্দরের প্রবেশমুখের অদূরে দুর্ঘটনার কবলে পড়ে।
বন্দর কর্মকর্তারা জানান, বন্দরের প্রবেশমুখের আগে দুর্ঘটনার কারণে বড় বিপদ থেকে বেঁচে যায় বন্দর। কারণ, কর্ণফুলী নদীর মূল চ্যানেলে জাহাজটি আটকে গেলে পুরো বন্দর অচল হয়ে পড়ত। এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্যও বন্ধ হয়ে যেত।