চট্টগ্রাম বন্দরের ১৫ বিভাগের অর্ধেকই চালাচ্ছেন ভারপ্রাপ্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরের পরিবহন বিভাগের প্রধান হলেন পরিচালক। এই পদে ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করছেন উপপরিবহন ব্যবস্থাপক পদবির একজন কর্মকর্তা। পরিবহন বিভাগের টার্মিনাল ব্যবস্থাপক, উপপরিবহন ব্যবস্থাপকের পদেও দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা।বন্দর সূত্রে জানা গেছে, বন্দরে বিভাগ রয়েছে ১৫টি। এর মধ্যে সাতটি বিভাগের প্রধান পদে দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা। চলতি ও অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিচের স্তরের কর্মকর্তারা এসব পদে দায়িত্ব পালন করছেন। বন্দর প্রশাসন বিভাগের কর্মকর্তারা জানান, দীর্ঘদিন প্রশাসনে লোক নিয়োগ না হওয়ায় এবং নির্ধারিত সময়ের অভিজ্ঞতা পূরণ না হওয়ায় নিচের স্তরের কর্মকর্তাদের এভাবে চলতি ও অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আবার দেখা গেছে, ওপরের স্তরের পদ খালি না থাকায় নির্ধারিত সময়েও পদোন্নতি হয়নি অনেক কর্মকর্তার। এক পদে বাড়তি সময় দায়িত্ব পালন করলেও পরবর্তী পদের অভিজ্ঞতার সময় এ বিষয়টি বিবেচনা করা হয় না। এতে ওপরের স্তরে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করে অনেক কর্মকর্তাকে অবসরে যেতে হচ্ছে। এভাবে পদোন্নতির বেড়াজালেও আটকে গেছেন অনেক কর্মকর্তা।জানতে চাইলে বন্দর চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, বন্দরে পদোন্নতির ক্ষেত্রে ফিডার সার্ভিসের বাধ্যবাধকতা রয়েছে। এই বাধ্যবাধকতার কারণে নির্দিষ্ট সময়ের অভিজ্ঞতা পূরণ না হলে পদোন্নতি দেওয়া সম্ভব হচ্ছে না। তবে বন্দরের জনবলকাঠামো সংস্কারের চেষ্টা চলছে। এ জন্য প্রশাসনের সদস্য মো. নজরুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিগগিরই এ সমস্যা মোকাবিলা করা যাবে। বন্দরের সাবেক কর্মকর্তারা মনে করেন, চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথের ৯২ শতাংশ পণ্য পরিবহন করা হয়। প্রতিবেশী দেশের পণ্য পরিবহনের জন্যও প্রস্তুত হচ্ছে এ বন্দর। এমন একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে এত বেশি ভারপ্রাপ্ত কর্মকর্তা দিয়ে বন্দরের পরিচালন ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সমন্বয়হীনতার আশঙ্কা রয়েছে। ভারপ্রাপ্ত কর্মকর্তাদের হাতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা থাকলেও পদবির কারণে তাঁদের সিদ্ধান্ত নিতে সমস্যা হয়। এ প্রসঙ্গে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব পালন করলে স্বাধীনভাবে কাজ করার সুযোগ কম। এতে একদিকে ওপরের স্তরের কর্মকর্তারা ভারপ্রাপ্ত কর্মকর্তাদের দিয়ে অনৈতিক কাজ আদায়ের জন্য চাপ দিতে পারেন, অন্যদিকে কোনো বিষয়ে শক্তভাবে মতামত তুলে ধরার প্রবণতা কমে যায়। বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের প্রধান প্রকৌশলী, যান্ত্রিক বিভাগের প্রধান প্রকৌশলী, পরিচালক (বিদ্যুৎ ও যান্ত্রিক), প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা, প্রধান নিরীক্ষা কর্মকর্তা ও পরিকল্পনা বিভাগের প্রধান পদে চলতি ও অতিরিক্ত হিসেবে ভারপ্রাপ্ত কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন। এ ছাড়া বিভিন্ন বিভাগের উপপ্রধান হিসেবেও আছেন ভারপ্রাপ্ত কর্মকর্তারা। এক প্রতিবেদনে দেখা যায়, গত সাড়ে তিন বছরে পাঁচজন সদস্য এবং ছয়জন বিভাগীয় প্রধানসহ ২১ জন কর্মকর্তা অবসরে গেছেন। আগামী ২০১২ সালের মধ্যে পর্যায়ক্রমে অবসরে যাচ্ছেন সাতজন বিভাগীয় প্রধানসহ ১৬ জন কর্মকর্তা। অবসরে যাওয়ার পর এসব পদে অতিরিক্ত দায়িত্ব হিসেবে নিচের স্তরের কর্মকর্তাকে কিংবা প্রেষণে নৌবাহিনী ও প্রশাসন থেকে দায়িত্ব দিয়ে কাজ চালানো হচ্ছে। দীর্ঘদিন বন্দরে কর্মকর্তা পদে নিয়োগ না হওয়ায় হঠাৎ করেই এ শূন্যতা তৈরি হয়েছে বলে জানা গেছে।প্রশাসন সূত্রে জানা গেছে, গত বছরের ২২ আগস্ট সংস্থাপন মন্ত্রণালয় থেকে এক হাজার ৫২৩টি পদের ছাড়পত্র পাওয়া গেছে। ছাড়পত্র পাওয়ার পর এখন লোক নিয়োগের প্রক্রিয়া চলছে। কিন্তু ওপরের স্তরে জনবলের যে শূন্যতা সৃষ্টি হয়েছে, নতুন লোক নিয়োগ করে সেই শূন্যতা কাটিয়ে উঠতে দীর্ঘ সময় লেগে যাবে বলে বন্দর কর্মকর্তারা মনে করছেন।