প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দখলদারদের হাত থেকে চট্টগ্রাম বন্দরের প্রায় ৩৫ কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বন্দরের অথরাইজড অফিসার ও নির্বাহী হাকিম অনুপম সাহা এ আদালত পরিচালনা করেন। বন্দর সূত্রে জানা যায়, অভিযানে বন্দরের ৩ নম্বর গেট এবং সল্টগোলা এলাকায় বন্দরের মালিকানাধীন ১৩০ শতক ভূমি দখলদারদের হাত থেকে উদ্ধার করা হয়। এসব জায়গা ট্রাক পার্কিং করে দখল করে রাখা হয়েছিল। অভিযানে প্রতিটি ট্রাকের মালিকের কাছ থেকে পাঁচ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ ছাড়া সদরঘাট এলাকায় বন্দরের মালিকানাধীন জায়গা থেকে অবৈধভাবে নির্মিত সাতটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। দখলদারদের হাত থেকে উদ্ধার হওয়া ভূমি বন্দরের নিরাপত্তা বিভাগ এবং ভূমি বিভাগের দখলে বুঝিয়ে দেওয়া হয়েছে।