চট্টগ্রাম বন্ধুসভার রেইনকোট বিতরণ
মোহাম্মদ সুমন পেশায় রিকশাচালক। সারা দিন রিকশা চালিয়ে যা উপার্জন হয়, তা দিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয়। বৃষ্টি থেকে নিজেকে বাঁচাতে একটা রেইনকোট বা ছাতা কেনার মতো সামর্থ্য নেই তাঁর। বাধ্য হয়ে বর্ষাকালে বৃষ্টিতে ভিজে রিকশা চালান।
সুমনের মতো রিকশাচালকদের পাশে এসে দাঁড়িয়েছে প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভা। গতকাল বিকেলে বৃষ্টির সময় নগরের প্রবর্তক মোড়ে ৩৫ জন রিকশাচালকের হাতে রেইনকোট তুলে দেন বন্ধুসভার বন্ধুরা। নিজেরা টাকা জমিয়ে তাঁরা রেইনকোট কিনে তুলে দেন রিকশাচালকদের হাতে।
রেইনকোট পেয়ে রিকশাচালক তোরাব আলী বলেন, ‘আর বৃষ্টিতে ভিজে রিকশা চালাতে হবে না। ’
রিকশাচালকদের মুখে হাসি ফোটাতে পেরে খুশি বন্ধুসভার বন্ধুরা। রেইনকোট বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রথম আলোর সহকারী বার্তা সম্পাদক ওমর কায়সার। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্ধুসভার সাধারণ সম্পাদক মিনহাজ হোসাইন ও সাংগঠনিক সম্পাদক শিহাব জিশান। রেইনকোট বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রথম আলো চট্টগ্রাম বন্ধুসভার বন্ধু হাবিবুর রহমান, স্বরূপ কুমার, জাহিদুল হাসান প্রমুখ।