চট্টগ্রাম বসবাসের অযোগ্য: যোগাযোগমন্ত্রী
চট্টগ্রাম আজ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ‘কয়েক বছর আগেও এমন ছিল না। যেদিকে তাকাই ময়লার স্তূপ। দুর্গন্ধের জন্য হাঁটা যায় না। বিলবোর্ডের জন্য সৌন্দর্য উপলব্ধি করা যায় না। বিলবোর্ডে ঢেকে গেছে সবুজ আর পাহাড়। এই বিলবোর্ডের জন্য নদী দেখা যায় না, আকাশ দেখা যায় না।’
সড়ক দুর্ঘটনা রোধে আজ রোববার একটি প্রচার কর্মসূচিতে এসে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের এ কথা বলেন। তিনি আজ চট্টগ্রাম নগরের আগ্রাবাদ বাদামতলী মোড়ে একটি রোড শোতে অংশ নেন। দুর্ঘটনা প্রতিরোধে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ এই রোড শোর আয়োজন করে।
ওবায়দুল কাদের ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘চট্টগ্রাম নগরের দুরবস্থার কথা রাঙামাটিতে গিয়ে প্রধানমন্ত্রীকে এসএমএস করে জানিয়েছি। চট্টগ্রামের অথরিটি (নগর কর্তৃপক্ষ) ভালো। কিন্তু ভালো মানুষ হলে চলবে না। চট্টগ্রামে টানেল হচ্ছে। এটা আমাদের কমার্শিয়াল হাব। এ শহরের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। শহরের এমন অবস্থা হলে সাগর ও পাহাড়ঘেরা এই নগরে বিদেশিরা আসবে কেন?’
ওবায়দুল কাদের আরও বলেন, ‘নগরের রাস্তাঘাট মেরামতের জন্য বরাদ্দের প্রয়োজন হয় না। মেয়র আমাকে বলুক, আমি বরাদ্দ এনে দেব। আমাকে দায়িত্ব দিলে তিন দিনের মধ্যে সংস্কার করে দিতে পারব। আর কার্পেটিং করতে সাত থেকে ১০ দিন লাগবে। এই শহর ঝকঝকে তকতকে হয়ে যাবে।’
চট্টগ্রাম নগরে যান চলাচলে বিশৃঙ্খলা দেখে মন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন। ওবায়দুল কাদের বলেন, ৯৫ শতাংশ মানুষ মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ব্যবহার করে না। ব্যাটারিচালিত রিকশা যানজট সৃষ্টি করছে। এসবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। নগরে যান চলাচলে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অভিযান অব্যাহত রাখতে হবে।
ওবায়দুল কাদের এরশাদের আন্দোলন করার হুমকি প্রসঙ্গে সাংবাদিকদের বলেন, বিরোধী দলের আন্দোলন করার অধিকার আছে। তবে সরকারে থেকে মন্ত্রিত্ব নিয়ে আন্দোলন করা যায় না।