চট্টগ্রাম বিএনপির কর্মীরা উঠবেন নির্মাণাধীন ভবনে
‘চলো চলো ঢাকা চলো’ কর্মসূচিতে যোগ দিতে যাওয়া চট্টগ্রাম বিএনপির কর্মী-সমর্থকদের ঢাকার নির্মাণাধীন বহুতল ভবন ও বিভিন্ন কমিউনিটি সেন্টারে থাকার ব্যবস্থা করা হচ্ছে।নগর বিএনপির একজন নেতা বলেন, পুলিশের নির্দেশে রাজধানীতে আবাসিক হোটেলগুলো কক্ষ ভাড়া দিচ্ছে না। বিভিন্ন মেসেও চলছে তল্লাশি অভিযান। তাই দলীয় সমর্থকদের মালিকানাধীন নির্মাণাধীন বহুতল ভবনে থাকার এ বিকল্প ব্যবস্থা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, ১২ মার্চ মহাসমাবেশের কর্মসূচিতে যোগ দিতে চট্টগ্রাম বিএনপির নেতা-কর্মীরা গত বৃহস্পতিবার থেকে ঢাকায় যাওয়া শুরু করেন। আজ রোববার রাতে সর্বশেষ বহরে চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলার নেতা-কর্মীদের আরও ১১০টি বাসে করে ঢাকায় যাওয়ার কথা রয়েছে। চট্টগ্রাম নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, সোমবার সকাল আটটায় রাজধানীর শাপলা চত্বরে জড়ো হবেন চট্টগ্রামের নেতা-কর্মীরা। সেখান থেকে মহাসমাবেশে যোগ দেবেন। তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার থেকে আমাদের লোকজন ঢাকায় যাওয়া শুরু করেছে। নিজ উদ্যোগে স্বতঃস্ফুর্তভাবে অনেকেই যাচ্ছেন, যাদের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে বলে আমার ধারণা।’ বিপুলসংখ্যক নেতা-কর্মীর ঢাকায় যাতায়াত এবং থাকা-খাওয়া বাবদ টাকার জোগান দিচ্ছেন চট্টগ্রামের বিএনপি-সমর্থিত ব্যবসায়ীরা। জানতে চাইলে নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বলেন, ‘আমাদের দলের অনেক ধনাঢ্য ব্যবসায়ী আছেন। প্রত্যেক ওয়ার্ড থেকে এ রকম অন্তত ২০ জন করে ব্যবসায়ী টাকার জোগান দিচ্ছেন।’ দলীয় সূত্রগুলো জানায়, পুলিশি হয়রানি এড়াতে সড়ক ও রেলপথে বিচ্ছিন্নভাবে এবং নৌপথে মালবাহী লাইটার জাহাজে করে চট্টগ্রামের কর্মী-সমর্থকেরা ঢাকায় যাচ্ছেন। চট্টগ্রাম নগর বিএনপির সাবেক আইনবিষয়ক সম্পাদক কামরুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাজধানীর বাড্ডা, খিলগাঁও ও বাসাবো এলাকার নির্মাণাধীন বিভিন্ন বহুতল ভবনে শামিয়ানা টানিয়ে নেতা-কর্মীরা রাত কাটাবেন। তিনটি কমিউনিটি সেন্টারও ভাড়া করা হয়েছে। মেজবানের আদলে গরু জবাই করে কর্মীদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়েছে বলেও তিনি জানান। নগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহেদ আকবর বলেন, নির্মাণাধীন ভবন ছাড়াও কর্মীরা নিজ নিজ আত্মীয়ের বাসা ও মেসে উঠছেন। বিএনপির নেতা কামরুল ইসলাম বলেন, পুলিশি হয়রানি এড়াতে নৌপথে গতকাল থেকে ঢাকা যাওয়া শুরু করেছেন অনেক কর্মী-সমর্থক। শনিবার দুটি লাইটার জাহাজে চড়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী চট্টগ্রাম ত্যাগ করেন। তাঁরা নারায়ণগঞ্জের ফতুল্লায় থেকে লোকাল বাসে করে ঢাকায় পৌঁছাবেন।