চট্টগ্রাম বিএনপির নিন্দা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক কর্মসূচি পালনে বাধা দেওয়ার নিন্দা জানিয়েছেন চট্টগ্রামের বিএনপি নেতারা। গতকাল শনিবার বিকেলে নগরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই নিন্দা জানানো হয়।
সংবাদ সম্মেলনে তাৎক্ষণিক বক্তব্য তুলে ধরেন চট্টগ্রাম নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান। এ সময় কেন্দ্রীয় বিএনপির সদস্য আনোয়ার হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক বেলায়েত হোসেন ও নগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম সম্পাদক মোহাম্মদ শাহেদ উপস্থিত ছিলেন।
আবু সুফিয়ান বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী আমরা দলীয় কার্যালয় নাসিমন ভবনের দিকে যাওয়ার চেষ্টা করি। গতকাল বিকেলে আমাদের বিক্ষোভ কর্মসূচি ছিল। কিন্তু সকাল থেকে ১০ প্লাটুন পুলিশ দিয়ে দলীয় কার্যালয় ঘেরাও করে রাখা হয়। কেউ সেখানে ঘেঁষতে পারেননি। সরকার পুলিশ দিয়ে আমাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক অধিকার বানচাল করে দিচ্ছে।’ তিনি আরও বলেন, ‘আমাদের নাসিমন ভবনে কর্মসূচি পালনে বাধা দেবেন না। নাসিমন ভবনের কর্মসূচিগুলো আমাদের নিয়ন্ত্রণে থাকবে। নইলে নগরের বিভিন্ন জায়গা থেকে শত শত মিছিল বের হবে। সেই মিছিলগুলো থেকে কিছু ঘটে গেলে দায়দায়িত্ব আমরা নেব না।’ কেন্দ্র ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল শনিবার বিকেলে নাসিমন ভবনের সামনে বিক্ষোভ পালনের চেষ্টা করে বিএনপি। দলীয় কার্যালয়ে নিশ্ছিদ্র পুলিশ পাহারা ছিল। এ কারণে দলের নেতা-কর্মীরা এক কিলোমিটার দূরে জামালখানের একটি কমিউনিটি সেন্টারে তাৎক্ষণিক সংবাদ সম্মেলন করেন।