চট্টগ্রাম বিএনপির সেই নেতা বাসায় ফিরেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ৩০ ঘণ্টা পর গতকাল রোববার ভোর পাঁচটায় আগ্রাবাদের বাসায় ফিরেছেন ২৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা জিয়াউর রহমান। বাসার কাউকে না জানিয়ে গত শুক্রবার রাতে তিনি ঢাকায় চলে যান। শনিবার দিনভর সন্ধান না পাওয়ায় তিনি গুম হয়েছেন বলে মনে করেছিলেন পরিবার ও দলীয় লোকজন। এতে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। অবশ্য শনিবার পরিবারের সদস্যদের সঙ্গে জিয়ার যোগাযোগ হয়। জিয়ার বড় ভাই মোহাম্মদ ইলিয়াস প্রথম আলোকে বলেন, ‘আমার ভাই (জিয়া) রোববার ভোর পাঁচটায় বাড়িতে ফিরেছে। ব্যবসায়িক কাজে শুক্রবার রাতে সে ঢাকায় যায়। বাসা থেকে বের হওয়ার পর সে ছিনতাইকারীর কবলে পড়ে। এতে তার তিনটি মুঠোফোন খোয়া যায়। এ কারণে সে বাসার কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেনি।’ শুক্রবার রাত ১২টার গাড়িতে চড়ে জিয়াউর রহমান ঢাকায় চলে যান। এর আগে রাত সাড়ে ১১টায় তিনি আগ্রাবাদের পাঠানটুলীর বাসা থেকে বের হন। বাসা ছাড়ার আগে স্ত্রী বা পরিবারের কাউকে কিছু জানাননি। এ কারণে পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বাড়তে থাকে। শনিবার সকালেই ডবলমুরিং থানায় একটি সাধারণ ডায়েরি করেন জিয়ার বড় ভাই ইলিয়াস। এরপর পুলিশের তৎপরতা বেড়ে যায়। ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জিয়ার অবস্থান ও কর্মকাণ্ড সম্পর্কে আমরা শনিবার দুপুরের মধ্যেই সব কিছু জেনে যাই। ওই রাতে পরিবারের সদস্যদের সঙ্গে জিয়ার যোগাযোগ হলে আমরা তদন্ত থামিয়ে দিই।’