চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আজ খুলবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ আড়াই মাসের আন্দোলন-সংগ্রামের ইতি টানলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীরা।
গতকাল শনিবার বিকেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা চুক্তি সইয়ের মাধ্যমে দীর্ঘদিনের জট খুলল। আজ রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম চালু হবে। গতকাল প্রথম আলোয় ‘চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়: এবার রাজনৈতিক হস্তক্ষেপে সমঝোতার চেষ্টা চলছে’ শিরোনামে প্রতিবেদন ছাপা হয়।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য রেজাউল করিম প্রথম আলোকে বলেন, সমঝোতা চুক্তি সইয়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটেছে। রোববার থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং শ্রেণি কার্যক্রম পুরোদমে চালু হচ্ছে।
সমঝোতা চুক্তি সই প্রসঙ্গে শিক্ষক, চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী সমন্বয় পরিষদের আহ্বায়ক এ এইচ এম ইসহাক চৌধুরী তাঁর প্রতিক্রিয়ায় বলেন, জেলা প্রশাসকের উপস্থিতিতে চুক্তি সই হয়েছে। এরপর সন্ধ্যায় ফয়’স লেক ক্যাম্পাস এলাকায় সবাই মিষ্টিমুখ করেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, অনুষ্ঠানে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) তানভীর আজম সিদ্দিকী, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা এ বি এম ফারুক, সদস্যসচিব নীনা ইসলাম, ভারপ্রাপ্ত উপাচার্য রেজাউল করিম, সমন্বয় পরিষদের আহ্বায়ক এ এইচ এম ইসহাক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।