পাহাড়, নদী ও সাগরঘেরা বন্দরনগরী চট্টগ্রামকে ব্যবসা-বাণিজ্যের জন্য প্রকৃত অর্থে উৎকৃষ্ট স্থান হিসেবে বর্ণনা করেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার অ্যালিসন ব্লেক। যুক্তরাজ্যের উদ্যোক্তাদের চট্টগ্রাম অঞ্চলে বিনিয়োগের জন্য অনুপ্রাণিত করা হবে বলেও জানান তিনি।
গতকাল বুধবার দুপুরে নগরের আগ্রাবাদে বিশ্ব বাণিজ্য কেন্দ্রে চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন অ্যালিসন ব্লেক। এতে সভাপতিত্ব করেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম।
সভায় চেম্বারের সভাপতি মাহবুবুল আলম চট্টগ্রামে ওষুধ, চামড়া ও চামড়াজাত শিল্প, প্লাস্টিক, পাট ও পাটজাত পণ্য এবং সিরামিক খাতে যুক্তরাজ্যের উদ্যোক্তাদের বিনিয়োগের আহ্বান জানান।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি নুরুন নেওয়াজ, সহসভাপতি সৈয়দ জামাল আহমেদ ও চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহ।