চট্টগ্রাম বিভাগীয় ফুটবলে নোয়াখালী চ্যাম্পিয়ন
শেষ পর্যন্ত ট্রাইব্রেকারে নির্ধারিত হলো চট্টগ্রাম বিভাগীয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ফাইনালের ফলাফল। আর এতে চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক নোয়াখালী জেলা দল।
গতকাল বৃহস্পতিবার নোয়াখালীর শহীদ ভুলু স্টেডিয়ামে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
বিকেল তিনটায় ফাইনাল খেলা শুরু হয়। নির্ধারিত সময়ে কোনো পক্ষই গোল করতে পারেনি। তাই ট্রাইব্রেকারে খেলার ফলাফল নির্ধারিত হয়।
ট্রাইব্রেকারে নোয়াখালীর পক্ষে পারভেজ, সৌরভ, হিমু, জুলিয়ান ও মনু গোল করেন। অপরদিকে রাঙামাটির পক্ষে গোল করেন বাংগুড়া, হেলাল ও রনভীর চাকমা। ফলাফল নোয়াখালী ৫-৩ গোলে জয়ী।
ফাইনালে সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের মনু। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় হন রাঙামাটির অধিনায়ক প্রদীপ বড়ুয়া। প্রতিযোগিতার সর্বোচ্চ গোলদাতা নোয়াখালীর জুলিয়ান।
খেলা শেষে পুরস্কার বিতরণ করেন আয়োজক কমিটির আহ্বায়ক ও চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার খলিলুর রহমান, নোয়াখালী জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি বদরে মুনীর ফেরদৌস, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মো. আলমগীর, নোয়াখালী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবদুল ওয়াদুদ, নোয়াখালী পৌরসভার মেয়র হারুনুর রশিদ আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুজ্জামান প্রমুখ।