চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেছেন, বিরোধে না জড়িয়ে সাংসদদের সঙ্গে সমন্বয় করে কাজ করা দরকার। বিশ্বের কোনো দেশে আইনের মাধ্যমে দায়িত্ব সুনির্দিষ্ট করে দিয়ে স্থানীয় সরকারব্যবস্থাকে শক্তিশালী করা হয়নি। ব্যক্তিত্বের জোরে দায়িত্ব আদায় করে নিতে হয়। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এই অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সরকারি হিসাব-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মহীউদ্দীন খান আলমগীর। চট্টগ্রাম বিভাগীয় উপজেলা ভাইস চেয়ারম্যান সমন্বয় পরিষদের সভাপতি নূর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী, ইউএনডিপির স্থানীয় সরকারবিষয়ক উপদেষ্টা তোফায়েল আহমেদ, উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার, সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান খালেদা খানম প্রমুখ।মহীউদ্দীন খান আলমগীর বলেন, ‘দুদক দাবি করে তাদের নখও থাকতে হবে, দাঁতও থাকতে হবে। যদি নখ, দাঁত সব থাকে, তাহলে ওয়ান-ইলেভেনের পর কেন তাঁরা গোষ্ঠীস্বার্থের বাহক স্বৈরশাসকের তল্পিবাহক হিসেবে কাজ করেছিলেন, এ প্রশ্নের জবাব তাঁদের দিতে হবে।’