বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে ২০১১ অনুযায়ী, অপুষ্ট শিশুর সংখ্যার ভিত্তিতে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের অবস্থান তৃতীয়। এ অঞ্চলে মারাত্মক অপুষ্টিতে ভুগছে ৩ দশমিক ৮ শতাংশ শিশু। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের শিশু বিভাগে অপুষ্ট শিশুদের জন্য পুষ্টিপ্রকোষ্ঠ উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা জানিয়েছেন। আন্তর্জাতিক বেসরকারি প্রতিষ্ঠান কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল গণি। চমেক শিশু বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের আরবান প্রোগ্রামের প্রধান সৈয়দ ইজাজ রসুল, শিশু বিভাগের চিকিৎসক নাসিরউদ্দিন মাহমুদ প্রমুখ। প্রকল্পের কর্মকাণ্ড উপস্থাপন করেন কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের প্রকল্প সমন্বয়কারী আসফিয়া আজিম। তিনি বলেন, বাংলাদেশ ডেমোগ্রাফিক হেলথ সার্ভে ২০১১ সালের হিসাব অনুযায়ী, অপুষ্ট শিশুর সংখ্যা সারা বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের স্থান তৃতীয় এবং এর হার ৩ দশমিক ৮ শতাংশ। চট্টগ্রামে অপুষ্ট শিশুদের চাহিদা ও প্রাপ্তির শূন্যতা পূরণের লক্ষ্যে গত বছরের সেপ্টেম্বরে চমেক হাসপাতাল এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। এরই ধারাবাহিকতায় চমেক শিশু বিভাগে গত ডিসেম্বর মাসে এ সেবা প্রকল্পটি চালু হয়।