চট্টগ্রাম বিভাগে প্রাথমিক সমাপনী পরীক্ষার্থী ছয় লাখ
আজ রোববার শুরু হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় চট্টগ্রাম বিভাগের ছয় লাখ শিক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে মহানগরসহ চট্টগ্রাম জেলার পরীক্ষার্থীর সংখ্যা দেড় লাখের কাছাকাছি।
পরীক্ষা অনুষ্ঠানের যাবতীয় প্রস্তুতি শেষ হয়েছে। এ প্রসঙ্গে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নাসরিন সুলতানা প্রথম আলোকে বলেন, ‘পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, শিক্ষক, অভিভাবক—সবার সহযোগিতায় আমরা ভালোভাবে পরীক্ষা কার্যক্রম পরিচালনা করতে পারব।’
চট্টগ্রাম বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বিভাগের ১১টি জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পাঁচ লাখ ৭৭ হাজার ৭৪২ জন। এর মধ্যে দুই লাখ ৫৭ হাজার ৬৯৫ জন ছাত্র এবং তিন লাখ ২০ হাজার ৪৭ জন ছাত্রী রয়েছে। মোট এক হাজার ৪৬৮টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এদিকে মহানগরসহ চট্টগ্রাম জেলায় এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা এক লাখ ৪৩ হাজার ২৯৭ জন।