চট্টগ্রাম বিভাগে ৪ মার্চ সড়কে পণ্য পরিবহন বন্ধের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মহাসড়কে পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধসহ ১১ দফা দাবিতে চট্টগ্রাম বিভাগে আগামী ৪ মার্চ ধর্মঘটের ডাক দিয়েছে চট্টগ্রাম বিভাগীয় পণ্য পরিবহন মালিক-শ্রমিক সমন্বয় ফোরাম। গতকাল রোববার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন থেকে এ ধর্মঘটের ডাক দেওয়া হয়। সমন্বয় ফোরামের আহ্বায়ক এস এম হাবিবুল হক প্রথম আলোকে বলেন, ‘১১ দফা দাবিতে আগামী ৪ মার্চ সকাল ছয়টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টা বিভাগের ১১টি জেলায় ধর্মঘট পালন করা হবে। এর পরও দাবি পূরণ না হলে ৫ মার্চ থেকে লাগাতার ধর্মঘট দিতে বাধ্য হব।’সংবাদ সম্মেলনে ফোরামের নেতারা জানান, আগামী ৪ মার্চ চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী, নোয়াখালী, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি, কক্সবাজার ও চট্টগ্রাম জেলায় ধর্মঘট পালন করা হবে। ধর্মঘটে সড়ক-মহাসড়কে ট্রাক, মিনি ট্রাক, লং ভেহিক্যাল, কাভার্ড ভ্যান ও ট্যাংক লরি চলাচল করবে না।সংবাদ সম্মেলনে হাবিবুল হক বলেন, ‘দাবির বিষয়ে গত ৪ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়কেও দাবির বিষয়টি জানানো হয়েছে।’ফোরামের ১১ দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো অতিরিক্ত ওজন নিয়ন্ত্রণের নামে উৎকোচ ও হয়রানি বন্ধ করা, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও বিভিন্ন সড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্ধ করা, যানবাহনের ট্যাক্স টোকেন ও রুট পারমিটে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার এবং হাইওয়ে পুলিশের করা মামলা নিজ জেলায় নিষ্পত্তি করা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফোরামের সদস্যসচিব কাজী মোতাহার হোসেন, ফোরাম নেতা জহুর আহম্মদ, মনির আহম্মদ, হারুন-অর-রশীদ, দ্বীন মোহাম্মদ প্রমুখ।