চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে তাজা সবজি রপ্তানি বন্ধ
বাড়তি মাশুল আরোপের প্রতিবাদে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে তাজা সবজি রপ্তানি বন্ধ করে দিয়েছেন রপ্তানিকারকেরা।জানা গেছে, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ গত ১ মার্চ থেকে প্রতি কেজি পণ্য রপ্তানিতে নতুন করে আট সেন্ট বা সাড়ে ছয় টাকা মাশুল আরোপ করে। রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যে শুধু চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য পরিবহন করলে আগামী তিন বছর এ মাশুল দিতে হবে বলে এক আদেশে বলা হয়।সূত্র জানায়, বিষয়টি জানার পর ২৮ মার্চ থেকে সবজি রপ্তানি বন্ধ রাখেন রপ্তানিকারকেরা। টানা ২২ দিন পর কর্তৃপক্ষ বাড়তি মাশুল সাময়িক স্থগিতের সিদ্ধান্ত নিলে এপ্রিল মাস থেকে আবার রপ্তানি শুরু হয়। গতকাল সোমবার থেকে আবারও বাড়তি মাশুল আদায় শুরু করা হলে রপ্তানি বন্ধ করে দেন ব্যবসায়ীরা।চিটাগাং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড অ্যালাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা বলেন, বাড়তি মাশুল প্রত্যাহার না হওয়া পর্যন্ত চট্টগ্রাম থেকে সবজি রপ্তানি হবে না। রপ্তানিকারকেরা বলেন, মধ্যপ্রাচ্যে বিমানে করে তাজা সবজি রপ্তানিতে প্রতি কেজিতে ভাড়া এক ডলার। তবে শাহ আমানত বিমানবন্দরে এই ভাড়ার সঙ্গে ওজন মাশুল দুই সেন্ট এবং টার্মিনাল হ্যান্ডলিং চার্জ আট সেন্টসহ প্রতি কেজিতে বাড়তি ১০ সেন্ট বা আট টাকা দিতে হচ্ছে।