চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে ‘টার্মিনাল হ্যান্ডলিং চার্জ’ নামে নতুন মাশুল আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এই মাশুল আরোপের প্রতিবাদে আজ বৃহস্পতিবার থেকে বিমানবন্দর দিয়ে তাজা সবজি রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে রপ্তানিকারকদের একটি সংগঠন। জানা যায়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সম্প্রতি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে পণ্য রপ্তানিতে ভাড়া বাড়ানোর বিষয়ে অফিস আদেশ জারি করে। এতে বলা হয়, গত ১৫ জানুয়ারি অনুষ্ঠিত পর্ষদের সভার সিদ্ধান্ত মোতাবেক শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রাজস্ব আয় বৃদ্ধির লক্ষ্যে রপ্তানি পণ্যের ভাড়া বাড়ানো হয়েছে। ১ মার্চ থেকে ‘টার্মিনাল হ্যান্ডলিং চার্জ’ বাবদ প্রতি কেজি পণ্য রপ্তানিতে আট সেন্ট করে দিতে হবে। আগামী তিন বছর এই মাশুল বলবৎ থাকবে বলে আদেশে বলা হয়। জানতে চাইলে ‘চিটাগাং ফ্রেশ ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড এলাইড প্রোডাক্ট এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব রানা প্রথম আলোকে বলেন, বাড়তি মাশুলের কারণে প্রতি কেজি পণ্য রপ্তানিতে আট সেন্ট বা প্রায় সাড়ে ছয় টাকা বেশি খরচ হবে রপ্তানিকারকদের। মাহবুব রানা বলেন, ‘আমরা বাধ্য হয়ে আজ বৃহস্পতিবার থেকে রপ্তানি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছি।’