চট্টগ্রাম বিমানবন্দর সড়কে ১০০ স্থাপনা উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর-সংলগ্ন নেভাল একাডেমি সড়কের প্রায় ১০০ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের নির্বাহী ম্যাজিস্ট্রেট মহিউদ্দীন আল ফারুকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এই উচ্ছেদ অভিযান চালান।প্রায় চার ঘণ্টার উচ্ছেদ অভিযানে বন্দরের একটি ফর্ক লিফট এবং ভাড়া করা একটি বুলডোজার (পে লোডার) ব্যবহার করা হয়। অভিযানে পুলিশের দুই প্লাটুন সদস্য অংশ নেন। অভিযান পরিচালনাকারী মহিউদ্দীন প্রথম আলোকে বলেন, ক্রিকেট বিশ্বকাপ উপলক্ষে এ অভিযান চালানো হচ্ছে।আদালত সূত্র জানায়, পতেঙ্গার নেভাল একাডেমির সামনে থেকে বিমানবন্দর সড়কের ১২ নম্বর খাল এলাকা পর্যন্ত প্রায় তিন কিলোমিটার এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় সড়কের দুই পাশে চায়ের দোকান, ঝুপড়ি ঘর, হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। রাস্তার পাশের এসব অবৈধ স্থাপনা থাকলে গুরুত্বপূর্ণ এ সড়কে যানবাহন চলাচল ব্যাহত হতো।বন্দরের জায়গায় অবৈধভাবে এসব দোকানপাট গড়ে তোলা হয়। বন্দর কর্তৃপক্ষ ইতিপূর্বে এসব দোকানপাটের মালিককে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেয়।