চট্টগ্রাম বিমানবন্দর ১৭ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১৪৬টি স্বর্ণবার এবং ৯৮টি স্বর্ণের গয়না জব্দ করেছে শুল্ক কর্তৃপক্ষ। আটক স্বর্ণবার ও গয়নার ওজন ১৭ কেজি ৪০০ গ্রাম। এ ঘটনায় মীর শাহনেওয়াজ নামে ওই যাত্রীকে আটক করা হয়েছে। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকালে মাসকট-চট্টগ্রাম-ঢাকা রুটের ইউনাইটেড এয়ারওয়েজের একটি বিমান চট্টগ্রামে অবতরণ করে। এ সময় বিমানের যাত্রী মীর শাহনেওয়াজ অস্বাভাবিক আচরণ করতে থাকেন। সন্দেহজনক আচরণের খবর পেয়ে শুল্ক কর্মকর্তারা মীর শাহনেওয়াজকে বিমান থেকে নামিয়ে তল্লাশি করে এসব স্বর্ণবার জব্দ করেন। জব্দ করা প্রতিটি স্বর্ণবারের ওজন ১০ তোলা। এ হিসাবে এক হাজার ৪৬০ তোলা বা ১৭ কেজি ওজনের স্বর্ণ পাওয়া যায়। এ ছাড়া ৪৭টি আংটি, ২৯টি কানের দুল. ১৪টি লকেট এবং আটটি স্বর্ণের চুরিও জব্দ করা হয়। এসব গয়নার ওজন প্রায় ৪০০ গ্রাম। উদ্ধার করা স্বর্ণের মূল্য আট কোটি ১৫ লাখ টাকা। বিমানবন্দরের দায়িত্বরত কাস্টম হাউসের সহকারী কমিশনার সুশান্ত পাল প্রথম আলোকে বলেন, ‘যাত্রীর ব্যাগে টেপ মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার লুকানো ছিল। আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা স্বর্ণবার কাস্টম হাউসের হেফাজতে রাখা হয়েছে। ’স্বর্ণসহ যাত্রী আটকের ঘটনায় কাস্টম হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা শফিউর রহমান বাদী হয়ে পতেঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। অন্যদিকে জব্দ স্বর্ণ পরীক্ষা শেষে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা হবে। আটক মীর শাহনেওয়াজের বাড়ি চট্টগ্রামের বোয়ালখালীর খরণদ্বীপে। আটকের পর তিনি সাংবাদিকদের বলেন, শফি ও বরকত নামের দুই ব্যক্তি তাঁকে এই স্বর্ণের বারগুলো দেন। ঢাকায় যাওয়ার পর তাদের লোকজন এসব স্বর্ণ নিয়ে যাওয়ার কথা ছিল। নিয়মিত মাসকট থেকে বাংলাদেশে আসা-যাওয়া করলেও প্রথমবার তিনি স্বর্ণের চালান বহন করছিলেন বলে দাবি করেন শাহনেওয়াজ।