চট্টগ্রাম বিমানবন্দরে চারটি সোনার বার উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে আবারও ২০ লাখ টাকা মূল্যের চারটি সোনার বার উদ্ধার করেছে বিমানবন্দর কাস্টমস। গতকাল শনিবার রাতে মাসকট ও দুবাই থেকে আসা দুই যাত্রীর কাছ থেকে এসব সোনার বার উদ্ধার করা হয়।
বিমানবন্দরে দায়িত্বপ্রাপ্ত কাস্টম হাউসের সহকারী কমিশনার মো. মশিউর রহমান প্রথম আলোকে জানান, উদ্ধার হওয়া স্বর্ণের ওজন ৪৬৬ গ্রাম। ঘোষণা ছাড়াই এসব সোনার বার আনায় এগুলো আটক করা হয়েছে।
শুল্ক কর্মকর্তারা জানান, মাসকট থেকে আসা মো. মহিউদ্দিনের কাছ থেকে দুটি এবং দুবাই থেকে আসা ইমরান হোসেনের কাছ থেকে দুটি সোনার বার জব্দ করা হয়। আইন অনুযায়ী দুই যাত্রীর পাসপোর্ট জব্দ করা হয়েছে।