চট্টগ্রাম বিমানবন্দরে জ্বালানি সরবরাহে স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে পদ্মা
প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজে তেল (জেট ফুয়েল) বিক্রির জন্য স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করছে পদ্মা অয়েল কোম্পানি। এ জন্য বিমানবন্দরে অবস্থিত পদ্মার ডিপো থেকে বিমানবন্দর পর্যন্ত দেড় কিলোমিটার পাইপলাইন বসানোর জন্য দক্ষিণ আফ্রিকার একটি প্রতিষ্ঠানকে কার্যাদেশও দেওয়া হয়েছে। নিজস্ব অর্থায়নে প্রতিষ্ঠানটি এই কাজ বাস্তবায়ন করছে। আগামী দুই মাসের মধ্যে এই কাজ শেষ হতে পারে বলে জানা গেছে। চট্টগ্রাম বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার ১২ বছরেরও বেশি সময় পর জেট ফুয়েল সরবরাহের স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর উদ্যোগ নেওয়া হলো। তবে পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তারা বলেছেন, নিয়ম অনুযায়ী ধাপে ধাপে এসব কাজ করা হচ্ছে। জানা যায়, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) তিন অঙ্গপ্রতিষ্ঠানের মধ্যে পদ্মা অয়েল কোম্পানিই জেট ফুয়েল সরবরাহ করে থাকে। এত দিন কেবল ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরেই স্বয়ংক্রিয় পদ্ধতিতে জেট ফুয়েল সরবরাহ করা হতো। রিফুয়েলার (বিমানে জ্বালানি তেল সরবরাহকারী একধরনের ভাউজার) দিয়ে বারবার তেল নিয়ে উড়োজাহাজে সরবরাহ করতে হয়। এতে বিমানবন্দরে অপেক্ষাকৃত বড় উড়োজাহাজগুলোর তেল নিতে অনেক বেশি সময় ব্যয় করতে হয়। নিয়ম অনুযায়ী, উড়োজাহাজ প্রথমে যাত্রী, পরে মালামাল এবং সবশেষে জ্বালানি তেল নিয়ে ভারসাম্য রক্ষা করে। পদ্মা অয়েল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম এ খায়ের প্রথম আলোকে বলেন, ‘স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে চট্টগ্রাম আন্তর্জাতিক বিমানবন্দরে উড়োজাহাজের গড় অবস্থানের সময় অনেক কমে আসবে। স্বয়ংক্রিয় পদ্ধতি স্থাপনের জন্য ইতিমধ্যে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সম্মতিও পেয়েছি। পাইপ কেনার জন্য এলসিও খোলা হয়ে গেছে।’ পদ্মা অয়েল কোম্পানি সূত্রে জানা যায়, চট্টগ্রাম বিমানবন্দরে জেট ফুয়েল সরবরাহের জন্য তৈরি পদ্মার তিনটি ডিপোতে সাড়ে ১৩ লাখ লিটার তেল মজুদ রাখা যায়। এখানে যে পরিমাণ বিমান ওঠানামা করে, তাতে এই তেল দিয়ে আট দিন জ্বালানি সরবরাহ করা সম্ভব। চট্টগ্রাম বিমানবন্দরে প্রতিদিন গড়ে এক লাখ ৭০ হাজার লিটার উড়োজাহাজের জ্বালানি তেল (জেট ফুয়েল) বিক্রি হয়। পদ্মা অয়েলের বিমানবন্দর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল হক প্রথম আলোকে বলেন, নতুন স্বয়ংক্রিয় পদ্ধতির অংশ হিসেবে বিমানবন্দরের বিভিন্ন স্থানে ১০টি সংযোগস্থল (পিট) তৈরি করা হবে। এর মধ্যে দুটি উড়োজাহাজের জন্য চারটি এবং ছয়টি আলাদা উড়োজাহাজের জন্য আরও ছয়টি পিট স্থাপন করা হবে। অপেক্ষাকৃত বড় বিমান উভয় পাশ দিয়ে তেল নিয়ে থাকে। ফলে এখানে একসঙ্গে বড় আকারের দুটি উড়োজাহাজ তেল নিতে পারবে। জানা যায়, বর্তমানে চট্টগ্রাম বিমানবন্দরে তিনটি রিফুয়েলার (তেল বহনকারী একধরনের ভাউজার) দিয়ে দেশি-বিদেশি উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহ করা হয়। এগুলোর প্রতিটির জ্বালানি তেল ধারণ করতে অহেতুক সময় বেশি লাগে। বিমানবন্দরে অবস্থানের জন্য সব উড়োজাহাজকে ফি দিতে হয়। তেল নিতে অতিরিক্ত সময় লাগলে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছেও বেশি টাকা পরিশোধ করতে হয়। এতে অনেক উড়োজাহাজ চট্টগ্রাম থেকে জ্বালানি তেল না নিয়েই চলে যায়। স্বয়ংক্রিয় পদ্ধতি চালু হলে এ ক্ষেত্রে বিলম্ব হওয়ার কোনো সুযোগ নেই বলে মনে করছেন পদ্মা অয়েল কোম্পানির কর্মকর্তারা। তবে পদ্মা অয়েল কোম্পানির চট্টগ্রাম বিমানবন্দর শাখার ব্যবস্থাপক মোহাম্মদ সাইদুল হক বলেন, স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর পরও রিফুয়েলগুলো তেল সরবরাহের জন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। আন্তর্জাতিক বিমানবন্দরের এটাও একটি মানদণ্ড বলে দাবি করেন তিনি।