চট্টগ্রাম বিমানবন্দরে পিসিআর ল্যাবের অবকাঠামো নির্মাণ শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস পরীক্ষা
প্রতীকী ছবি

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আরটি–পিসিআর ল্যাব স্থাপনে অবকাঠামো নির্মাণের কাজ আজ সোমবার শেষ হচ্ছে। কোভিড-১৯ শনাক্তকরণের জন্য চারটি প্রতিষ্ঠানকে বিমানবন্দরে পিসিআর ল্যাব স্থাপনের অনুমতি দেওয়া হয় ৫ ডিসেম্বর।

চার দিন আগে ল্যাবের জন্য অবকাঠামোর নির্মাণকাজ শুরু হয় বিমানবন্দরে। স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর অবকাঠামো নির্মাণ বাস্তবায়ন করছে। আজ কাজ শেষ হবে বলে আশাবাদী স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী মো. মহসিন।

মো. মহসিন বলেন, আজকের মধ্যে অবকাঠামোর নির্মাণকাজ শেষ হবে। এরপর সংশ্লিষ্ট চার প্রতিষ্ঠান তাদের মেশিনারি বসানোর মাধ্যমে পরীক্ষার ব্যবস্থা করবেন। অবকাঠামোর নির্মাণকাজের জন্য প্রায় ২৯ লাখ টাকা ব্যয় হয়েছে বলে তিনি জানান।

আজ সকালে এ–সংক্রান্ত একটি সভাও বিমানবন্দরে অনুষ্ঠিত হয়। সভায় বিআইটিআইডির ল্যাব ইনচার্জ সহযোগী অধ্যাপক শাকিল আহমেদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁরা নির্মীয়মাণ অবকাঠামো ঘুরে দেখেন। এ সময় অনুমতি পাওয়া চারটি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এই চারটি প্রতিষ্ঠান হলো চট্টগ্রামের শেভরণ ক্লিনিক্যাল ল্যাবরেটরি ক্লিনিক, কুমিল্লার মডার্ন হসপিটাল প্রাইভেট লিমিটেড, ঢাকার ল্যাবএইড লিমিটেড ও ঢাকার প্রেসক্রিপশন পয়েন্ট।

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক হাসান শাহরিয়ার কবীর বলেন, ‘অবকাঠামোর নির্মাণকাজ শেষ পর্যায়ে। আশা করি, আগামী চার–পাঁচ দিনের মধ্যে পরীক্ষার কাজ শুরু করা যাবে।’

পিসিআর পরীক্ষার ফি কত

প্রতিটি পিসিআর পরীক্ষার জন্য ১ হাজার ৬০০ টাকা ফি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় কর্তৃক পরিশোধ করা হবে। তবে সংযুক্ত আরব আমিরাতগামী বাংলাদেশি কর্মীদের কাছ থেকে কোনো ফি আদায় করা যাবে না। এ বিষয়ে শেভরণের মহাব্যবস্থাপক পুলক পারিয়াল বলেন, ‘অনুমতি পাওয়া গেছে। অবকাঠামোর নির্মাণ শেষে পরবর্তী কার্যক্রম আমরা শুরু করব।’