চট্টগ্রাম বিমানবন্দরে মিয়ানমারের নাগরিক গ্রেপ্তার
মিথ্যা ঠিকানায় বাংলাদেশি পাসপোর্ট বানিয়ে হজে যাওয়ার চেষ্টাকালে মিয়ানমারের এক নাগরিককে পুলিশ চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে। আদালতের মাধ্যমে গতকাল বুধবার তাঁকে জেলহাজতে পাঠানো হয়।পুলিশ জানায়, ওই ব্যক্তির নাম ইমান হোসেন (৩৩)। তিনি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার আবদুর রহমান নামের এক ব্যক্তির নাম দিয়ে পাসপোর্ট তৈরি করেন। এই পাসপোর্টে তিনি গত মঙ্গলবার রাতে চট্টগ্রামের বিমানবন্দর দিয়ে ফ্লাইদুবাই এয়ারলাইনসের একটি উড়োজাহাজে করে দুবাই হয়ে জেদ্দা যাচ্ছিলেন। পাসপোর্টে তাঁর হজের ভিসাও ছিল।জানা গেছে, ইমান হোসেনকে প্রথমে আটক ও পরে গ্রেপ্তার করা হয়। এর আগে ইমান উড়োজাহাজে ওঠার জন্য এয়ারলাইনস কর্তৃপক্ষের কাছ থেকে বোর্ডিং পাসও সংগ্রহ করেন। বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহকারী কমিশনার (এসি) মিজানুর রহমান মুন্সী প্রথম আলোকে বলেন, ‘গ্রেপ্তার হওয়া ব্যক্তি মিয়ানমারের নাগরিক বলে মনে হয়েছে। বিষয়টি বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।’পুলিশ সূত্র জানায়, ‘মিয়ানমার থেকে অবৈধ পথে আসার পর ইমান হোসেন টেকনাফের শাহপরীর দ্বীপের দিলারা বেগম নামের এক নারীকে বিয়ে করেন। কিন্তু পাসপোর্টে তিনি সেই ঠিকানা ব্যবহার করেননি।