চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর কাছ থেকে চার দেশের মুদ্রা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে গতকাল শুক্রবার সকালে মোহাম্মদ আলী (২৭) নামের এক বিমানযাত্রীর ব্যাগ তল্লাশি করে প্রায় ৭০ লাখ টাকার বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে। আটক যাত্রীকে পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।জানা গেছে, বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা খবর পেয়ে প্রথমে বিমানবন্দরে মোহাম্মদ আলীর ব্যাগ তল্লাশি করে কিছু না পেয়ে হতাশ হন তাঁরা। কিছুক্ষণ পর আবার খবর আসে, ওমানযাত্রী আলীর হাতে পৌঁছে গেছে বিদেশি মুদ্রা। ততক্ষণে ওমান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (ডব্লিউওয়াই-৩১১) চেপে বসেছেন তিনি। শুল্ক কর্মকর্তারা ছুটে যান বিমানে। এরপর তাঁর আসনে ব্যাগে তল্লাশি শুরু করেন কর্মকর্তারা। এবার তাঁর হাতব্যাগের ভেতরে দুই বান্ডিলে তাঁরা চারটি দেশের মুদ্রা পান। কর্মকর্তারা জানান, উদ্ধার করা মুদ্রার পরিমাণ বাংলাদেশি টাকায় প্রায় ৭০ লাখ টাকা। মুদ্রাসহ আলীকে বিমান থেকে নামিয়ে আনা হয়। অভিযানে নেতৃত্ব দেওয়া বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তা মো. আবদুল হালিম প্রথম আলোকে বলেন, একই ব্যাগে আগে তল্লাশি করে কিছুই পাওয়া যায়নি। কোনোভাবে হয়তো বিদেশি মুদ্রাগুলো তাঁর হাতে পৌঁছে দেওয়া হয়েছে। শুল্ক কর্মকর্তারা জানান, আটক আলীর বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ির সাদেকনগরে। তাঁর ব্যাগ থেকে ১০ হাজার ওমান রিয়াল, দুই লাখ দুই হাজার ৫০০ সৌদি রিয়াল, ২২ হাজার কাতার রিয়াল এবং ৭৫ হাজার ৫৯৫ দুবাই দিরহাম পাওয়া গেছে।