চট্টগ্রাম বিমানবন্দরে স্বর্ণের বার উদ্ধার
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে ছয় কেজির বেশি ৫৭টি স্বর্ণের বার জব্দ করেছে শুল্ক বিভাগ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় ওই উড়োজাহাজের এক যাত্রীকে আটক করা হয়েছে।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বিকেল আনুমানিক চারটার দিকে ফ্লাই দুবাই নামের একটি বিমান সংস্থার যাত্রীবাহী উড়োজাহাজ চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। উড়োজাহাজ থেকে একে একে সব যাত্রী নেমে যান। এর মধ্যে শাহ হোসাইন নামের এক যাত্রীর গতিবিধি সন্দেহজনক ছিল।
বিমানবন্দর সূত্র আরও জানায়, শাহ হোসাইনকে চ্যালেঞ্জ করে শুল্ক বিভাগের কর্মীরা আবার উড়োজাহাজে ওঠেন। এই যাত্রীর আসনের নিচে ফুটবল আকৃতির হলুদ স্কচটেপ মোড়ানো থলে পাওয়া যায়। সেটি উড়োজাহাজ থেকে নিচে নামিয়ে এনে খোলা হয়।
বিমানবন্দরের অভিবাসন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ফুটবল আকৃতির থলে থেকে একে একে ৫৭টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ছয় কেজি ৬৩৫ গ্রাম। শাহ হোসাইনকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁর গ্রামের বাড়ি চট্টগ্রামের রাউজান উপজেলার গহিরা এলাকায়। তাঁর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
এর আগে গত ২১ সেপ্টেম্বর একই বিমানবন্দর থেকে ৫৮টি স্বর্ণের বার শুল্ক বিভাগ জব্দ করেছিল। ওই ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছিলেন।