চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সময় সংঘর্ষে নিহত সব ছাত্র হত্যার বিচার, হল থেকে অবৈধ ছাত্রদের বের করে দেওয়া এবং অস্ত্র উদ্ধারের দাবি জানিয়েছেন প্রগতিশীল ছাত্রজোটের নেতারা।
গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই দাবি জানান তাঁরা। এ সময় রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) কার্যকর করার দাবিও জানানো হয়।
প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে ছাত্র ইউনিয়ন, ছাত্র ফ্রন্ট ও ছাত্র ফেডারেশন এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। এতে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক বিকুল তাজিম।
লিখিত বক্তব্যে বলা হয়, ছাত্র হত্যার ঘটনায় প্রশাসনের নির্লিপ্ততা, বিচারহীনতার সংস্কৃতি ও প্রশাসনের নির্লজ্জ দলীয়করণ ছাত্র হত্যার পেছনে দায়ী। প্রশাসন অতীতের সব ছাত্র হত্যার ঘটনার বিচারে কোনো কার্যকর ভূমিকা নেয়নি।