চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সিনেট বাজেট অধিবেশনে সীমাবদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অকার্যকর রয়েছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী পর্ষদ সিনেট। কয়েক দশক ধরে সিনেটের বিভিন্ন ক্যাটাগরিতে নির্বাচন হচ্ছে না। আবার সিনেটের বিভিন্ন ক্যাটাগরির অনেক সদস্যই বর্তমানে অবসরে কিংবা মারা গেছেন।
মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জন সিনেট সদস্য থাকার কথা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ হিসাব অনুযায়ী সিনেট সদস্য রয়েছেন ৬৮ জন।
বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের আইন ও বিধিমালা অনুমোদনকারী এই সর্বোচ্চ পর্ষদের কার্যক্রম এখন শুধু বছরে একবার বাজেট অনুসমর্থনের কাজেই সীমাবদ্ধ রয়েছে। অথচ বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ, ১৯৭৩ অনুযায়ী সিনেটের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম পরিচালিত হওয়ার কথা।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী মোট ১২টি ক্যাটাগরিতে ১০১ জন সিনেট সদস্য থাকার কথা। এর মধ্যে গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ক্যাটাগরি শাখায় নির্বাচন হচ্ছে না দীর্ঘদিন ধরে।
বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত ডায়েরি অনুযায়ী সিনেটে মোট সদস্য রয়েছেন ৬৮ জন। ডায়েরিতে শিক্ষক প্রতিনিধি ক্যাটাগরিতে ৩৩ জন সদস্যের মধ্যে ২৪ জনের নাম দেখানো হলেও খবর নিয়ে জানা গেছে যে এই ক্যাটাগরির ১৮টি পদই শূন্য। বাকি ১৫ জনের কেউ মারা গেছেন, কেউ অবসরে আবার কেউ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছেড়ে অন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ-উপাচার্য হয়ে গেছেন। আবার কয়েকজন সদস্য সিনেটের একাধিক ক্যাটাগরিতে সদস্য হিসেবে রয়েছেন। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশ অনুযায়ী সিনেটের মেয়াদ তিন বছর হলেও বছরের পর বছর ধরে মেয়াদোত্তীর্ণ সদস্যদের নিয়েই চলছে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ এই পর্ষদ।
সিনেটের সুপারিশে সর্বশেষ ১৯৮৮ সালের ২৩ ফেব্রুয়ারি উপাচার্য হিসেবে নিয়োগ পান আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন। সিনেটের কোনো কার্যকারিতা না থাকায় পরবর্তী সময়ে নিযুক্ত উপাচার্যদের কেউই সিনেটের সুপারিশ অনুযায়ী নির্বাচিত হননি।
এদিকে আজ অপরিপূর্ণ ও মেয়াদোত্তীর্ণ সিনেট বিশ্ববিদ্যালয়ের আগামী অর্থবছরের বাজেটে অনুসমর্থন জানাবে।
শিক্ষক প্রতিনিধি ও রেজিস্টার্ড গ্র্যাজুয়েট কর্তৃক নির্বাচিত প্রতিনিধি দুই ক্যাটাগরিতেই সদস্য হিসেবে থাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ন ম মুনির আহমদ প্রথম আলোকে বলেন, ‘রাজনৈতিকভাবে নির্বাচিত উপাচার্যরা নিজের পদ হারানোর ভয়ে দীর্ঘদিন ধরেই সিনেট কার্যকর করতে উদ্যোগ নিচ্ছেন না। এ কারণে যেমন নতুন নেতৃত্ব সৃষ্টি হচ্ছে না, তেমনি অধ্যাদেশও লঙ্ঘিত হচ্ছে।’