চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজ থেকে প্রতীকী জাতিসংঘ অধিবেশন
প্রতীকী জাতিসংঘের অধিবেশন বসছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। আজ বৃহস্পতিবার থেকে শুরু হওয়া তিন দিনের এ অধিবেশনে বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া ও শ্রীলঙ্কার ২৪০ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। অধিবেশনের প্রতিপাদ্য ‘ডিপ্লোম্যাসি এম্পাওয়ারিং ইউথ ফর গ্রিন’।
প্রতীকী জাতিসংঘের অধিবেশনের উদ্যোক্তা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠন। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করা হয়। এতে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সিরাজ উদ্দিন।
লিখিত বক্তব্যে বলা হয়, তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি জোরদার করতে এবং কূটনৈতিক জ্ঞান বৃদ্ধির লক্ষ্যে প্রতীকী জাতিসংঘের বিকল্প নেই। পাশাপাশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে বিশ্বদরবারে ইতিবাচকভাবে তুলে ধরাও প্রতীকী এই অধিবেশনের উদ্দেশ্য।
বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদ মিলনায়তনে অধিবেশনের উদ্বোধনী আয়োজনে উপাচার্য অধ্যাপক মো. আনোয়ারুল আজিম আরিফ প্রধান অতিথি, সহ-উপাচার্য অধ্যাপক ইফতেখার উদ্দিন চৌধুরী বিশেষ অতিথি এবং ইউএনআইসির কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।