চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষা চলছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আজ মঙ্গলবার শান্ত রয়েছে। বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা চলছে। শাটল ট্রেন ও শিক্ষকদের বহনকারী বাস চলাচল করছে।
দলীয় কোন্দলের জেরে ছাত্রলীগের দুটি পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচিতে গতকাল সোমবার প্রায় অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়। সংগঠনটির একাংশ ক্যাম্পাসের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয়। অপর অংশের বাধার মুখে দ্বিতীয় দিনের মতো চলেনি শাটল ট্রেন ও শিক্ষকদের বহনকারী বাস। বিবদমান পক্ষগুলোর এমন কর্মকাণ্ডে গতকাল বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ বিভাগে ক্লাস হয়নি।
ক্যাম্পাসের আজকের পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদ দৌল্লাহ প্রথম আলোকে বলেন, ক্লাস-পরীক্ষা যথারীতি চলছে। ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত ও স্বাভাবিক রয়েছে।
ছাত্রলীগের কোন্দলে প্রায় অচল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ষোলশহর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরব আলী বলেন, আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। নির্ধারিত সময়ে সব ট্রেন ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে গেছে।
বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের বিবদমান পক্ষ দুটি হলো ভিএক্স (ভার্সিটি এক্সপ্রেস) গ্রুপ এবং সিএফসি (চুজ ফ্রেন্ডস উইথ কেয়ার) ও ক্যাম্পাস ছাত্রলীগ গ্রুপ। ক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে এদের মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে উত্তেজনা চলছে। সর্বশেষ গত রোববার ক্যাম্পাসে প্রতিপক্ষের হাতে নিজেদের কর্মীরা প্রহৃত হওয়াকে কেন্দ্র করে উত্তেজনা বেড়ে যায়। দীর্ঘ ছুটি শেষে ওই দিনই ক্যাম্পাস খোলে।
উভয় পক্ষ প্রতিপক্ষের নেতা-কর্মীদের গ্রেপ্তার ও বহিষ্কার করাসহ বিভিন্ন দাবিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিএফসি ও ক্যাম্পাস ছাত্রলীগ গ্রুপ ২৪ এবং ভিএক্স পক্ষ ৪৮ ঘণ্টা করে সময় বেঁধে দিয়েছে। অন্যথায় জোরালো আন্দোলন শুরু করা হবে বলে হুমকি দিয়েছে তারা।