চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রী লাঞ্ছিত, ছাত্রসহ গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রীটি দুজনকে অভিযুক্ত করে হাটহাজারী থানায় নারী নির্যাতন আইনে একটি মামলা দায়ের করেছেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট এলাকা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ক্যাম্পাসে ফিরছিলেন ওই ছাত্রী। এ সময় অটোরিকশার আরও দুজন যাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ও বহিরাগত মোহাম্মদ আলী ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ের এক নম্বর গেইট সড়কের রেলক্রসিং এলাকায় পৌঁছালে  লাঞ্ছনাকারীদের হাত থেকে বাঁচতে চলন্ত অটোরিকশা থেকে লাফ দেন ওই ছাত্রী। এ সময় ওই তাঁর চিত্কার শুনে এলাকাবাসী এসে দুজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ মোহাম্মদ আলীকে হেফাজতে রেখে মোহাম্মদ মাসুমকে ছেড়ে দেয়। তবে রাতেই ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর দুজনের নামে লিখিত অভিযোগ জমা দেন। অভিযোগ পাওয়ার পর আজ মঙ্গলবার সকালে প্রক্টর ওই ছাত্রী ও মোহাম্মদ মাসুমকে অফিসে ডেকে পাঠান। এ সময় প্রক্টর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাস দেন। পরে বেলা দুইটার দিকে মোহাম্মদ মাসুমকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে আটক করে হাটহাজারী থানায় নিয়ে যায় পুলিশ। বিকেল সাড়ে পাঁচটার দিকে হাটহাজারী থানায় উপস্থিত হয়ে মোহাম্মদ মাসুমকে প্রধান আসামি করে দুজনের নামেই নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেন ওই ছাত্রী। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে আটক দুজনই হাটহাজারী থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সিরাজ উদদৌল্লাহ প্রথম আলো ডটকমকে বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশকে বলে দিয়েছে।’

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সূত্রে জানা গেছে, আটক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ মাসুম ক্যাম্পাসে ছাত্রলীগের সভাপতি মামুনুল হকের অনুসারী বলে পরিচিত। তিনি ক্যাম্পাসে নিজেকে মুন ডি রোজারিও নামে পরিচয় দেন। তাঁর বাবার নাম আবু হানিফ। আর গ্রেপ্তার মোহাম্মদ আলী বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা দপ্তরের চতুর্থ শ্রেণীর কর্মচারী শেখ ফরিদ মিয়ার ছেলে।